আগামী অর্থবছরের এডিপি ২৪,৫০০ কোটি টাকা: বুধবার অনুমোদন
সরকার আগামী অর্থবছরের (২০০৫-২০০৬) জন্য ২৪ হাজার ৫০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করতে যাচ্ছে।
আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের এ বৈঠকে সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।
আজ মঙ্গলবার আগামী অর্থবছরের খসড়া এডিপি চূড়ান্ত করা হয়। এনইসির বুধবারের বৈঠকে প্রয়োজনীয় কিছু কাটছাট সহ এডিপি অনুমোদন পাবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী অর্থবছরের এডিপিতে স্থানীয় মুদ্রার পরিমাণ ১৭ হাজার কোটি টাকা (৬৯ দশমিক ৩৯ শতাংশ) এবং প্রকল্প সাহায্য ৭ হাজার ৫০০ কোটি টাকা (৩০ দশমিক ৬১ শতাংশ)।
আগামী অর্থবছরের এডিপিতে মোট দেশীয় সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি টাকা (৪৭ দশমিক ৩৮ শতাংশ) এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়নের পরিমাণ ১২ হাজার ৮৯০ কোটি টাকা।
এনইসির বৈঠকে ২০০৪-২০০৫ অর্থবছরের সংশোধিত এডিপি অনুমোদন করা হবে।
এর মূল বরাদ্দ ছিল ২২ হাজার কোটি টাকা, তবে শেষপর্যন্ত তা ২০ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়াচ্ছে।
এতে স্থানীয় মুদ্রার পরিমাণ ১৪ হাজার ৪৭৫ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৬ হাজার ২৫ কোটি টাকা।
