ময়মনসিংহ ও কক্সবাজারে বজ্রপাতে নিহত ৩ আহত ৫
ময়মনসিংহ ও কক্সবাজারে পৃথক বজ্রপাতের ঘটনায় মঙ্গলবার তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, কালবৈশাখী ঝড়ের সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্তরসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ সময় ঘরের চালে বজ্রপাতে চরসিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামের আরফান আলী (২৫) এবং ফিরোজা (২৪) ঘটনাস্থলেই প্রাণ হারান।
গুরুতর আহত হবি (৩২), হাফিজা (১২) ও লাকী (১০)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, চকরিয়া উপজেলার খুটাখালীর নতুন পাড়ায় বজ্রপাতে এক কিশোর নিহত ও দুই কিশোর আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, খুটাখালী নতুন পাড়া এলাকার তিন কিশোর- আলী হোসেন (১৬), শফি উল্লাহ (১৫) ও শফিউল আলম (২০) সকালে চিংড়ি পোনা ধরতে পার্শ্ববর্তী ফুলছড়ি ছরায় যায়। এ সময় বজ্রপাতে আলী হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।
আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
