২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেকট্রাম গার্মেন্টস দুর্ঘটনা বিষয়ে হাইকোর্টের রুলজারি

হাইকোর্ট মঙ্গলবার সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ফ্যাক্টরি ভবন ধসে পড়ার বিষয়ে সরকারের ওপর রুল জারি করেছে। ওই দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি শ্রমিক নিহত এবং কয়েকশ’ শ্রমিক আহত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

দুর্ঘটনার কারণ তদন্তে কেন একজন বর্তমান অথবা সাবেক বিচারপতিকে নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হবে না সে ব্যাপারে আদালত সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনায় হতাহতদের পরিারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদানে সরকারকে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

দেশের বিভিন্ন গার্মেন্টস কারখানা বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত গার্মেন্টস কারখানা ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না তা আদালতকে অবহিত করার নির্দেশ দেয়ার বিষয়েও রুল জারি করা হয়।

আগামী ৩ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সরকারের গঠন করা বিভিন্ন কমিটির তদন্ত রিপোর্ট, রাজউক ও ক্যান্টনমেন্ট বোর্ড এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় যেসব কাগজপত্র রয়েছে তা আদালতে জমা দেয়ার জন্য হাইকোর্ট নির্দেশ দেন।

রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্পেকট্রাম গার্মেন্টস কর্তৃপক্ষকে কারাখানার সম্পত্তি ও মালামাল বিক্রি অথবা হস্তান্তর না করার নির্দেশ দেয়া হয়।

দূর্ঘটনার শিকার পাঁচ শ্রমিকের আত্মীয় এবং ও আটটি মানবাধিকার সংগঠনের দায়ের করা রিট পিটিশনের শুনানির পর আদালত এই আদেশ দেন। আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার তানজিবুল আলম। অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি এটর্নি জেনারেল রাজিক আল জলিল।