মৌলভীবাজারের ‘ট্রিপল মার্ডার’ হত্যার আসামিরা নিহতদের পরিবারকে হুমকি দিচ্ছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বছরের ‘ট্রিপল মার্ডার’ হত্যার আসামিরা নিহতদের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্যে চাপ দিচ্ছে এবং জীবিত সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে।
মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতদের পিতা আলাউদ্দিন এই অভিযোগ করেন।
গত বছরের ৩০ অক্টোবর রাত ২টায় সশস্ত্র সন্ত্রাসীরা শ্রীমঙ্গলের বীমসী গ্রামের আলাউদ্দিনের বাড়িতে পুলিশের পরিচয়ে প্রবেশ করে একে একে হত্যা করে তার কিশোর পুত্র খলিল, কন্যা কুলসুম ও জেসমিনকে।
সংবাদ সম্মেলনে আলাউদ্দিন বলেন, বেপরোয়া খুনিরা পুলিশের সহযোগিতায় এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে। অন্যথায় ওরা আমার পরিবারের জীবিত সব সদস্যকে একইভাবে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, খুনিচক্র পুলিশের সহযোগিতায় আইনের হাত থেকে বেঁচে যাচ্ছে। আমার তিন সন্তানের হত্যার বিচার চাইতে গিয়ে আমার অন্য সন্তানদের জীবন বিপন্ন হতে চলেছে।
আলাউদ্দিন বলেন, শ্রীমঙ্গলের ভূনবী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ চেরাগ আলী, জিলু মিয়া, ফুলু মিয়া, কাইয়ুম ও মনির মিয়ার নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে পুলিশের পরিচয়ে প্রবেশ করে।
তিনি বলেন, সন্ত্রাসীরা আমার ১৩ বছরে পুত্র খলিলকে টেনে হিঁচড়ে বের করে উঠানে নিয়ে যায়। সেখানেই তারা তাকে জবাই করে হত্যা করে। এরপর ঘরের ভেতর পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আমার বিবাহযোগ্যা কন্যা মাহমুদা ওরফে কুলসুমকে। দুজনকে হত্যার পর সন্ত্রাসীরা আমার সাত বছরের শিশু কন্যা জেসমিনকে জবাই করে হত্যা করে। এ সময় আমরা সবাই পালিয়ে রক্ষা পাই। খুনিরা তিনটি হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার ব্যাপারে নিহতদের ভাই রফিক বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হত্যাকান্ডের শিকার তিন ভাই বোনের বাবা আলাউদ্দিন, মা খোশবানু এবং ভাই শফিক মিয়া।
‘আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চেরাগ আলীর সাঙ্গপাঙ্গরা মামলা তুলে নেওয়ার জন্য আমাদের হুমকি দিচ্ছে। তাদের সহায়তা করছে এলাকার উচ্চ পদস্থ একজন পুলিশ কর্মকর্তা’, নিহতদের মা খোশবানু কান্নজড়িত কণ্ঠে এ কথা বলেন।
