মৌলভীবাজার ও হবিগঞ্জে আগাম বন্যা, ২৯টি ইউনিয়ন পানির নিচে
প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিস্তির্ণ এলাকা বন্যা কবলিত হয়েছে। মৌসুমের আগেই এ বন্যায় দু জেলার ২৯টি ইউনিয়নের লাখ লাখ লোক পানিবন্দি হয়ে পড়েছে।
আমাদের মৌলভীবাজার প্রতিনিধি মঙ্গলবার জানান, জেলার ১৫টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা কমলগঞ্জের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
এ উপজেলায় ক্ষতিগ্রস্থ ইউনিয়নগুলো হচ্ছে, ইসলামপুর, আদমপুর, মাধবপুর, কমলগঞ্জ সদর ও কমলগঞ্জ পৌরসভা। ধলাই নদীর পানি বৃদ্ধির কারণে সোমবার কমলগঞ্জ পৌরসভার আলেপুর, রামপাশা, দক্ষিণ কুমড়াকাপন, কমলগঞ্জ সদরের লঙ্গরপুর, ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর, আদমপুর ইউনিয়নের মোখাবিলসহ আটটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।
এছাড়া, নতুন উপজেলা জুড়ীর জায়ফরনগর, সাগরনাল, পশ্চিম জুড়ী ও ফুলতলা, কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন ও রাজনগরের কামারচাক ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে।
এদিকে, কমলগঞ্জে লাঘাটা নদীর পুরনো ভাঙন দিয়ে পানি ঢোকার ফলে শমসেরনগর, আলীনগর, পতনঊষার ও মুন্সীবাজার ইউনিয়নের বেশ কিছু নিুাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে।
মৌলভীবাজার শহরের কাছে মনু নদীর পানি বিপদসীমার দশমিক ৩৫ মিটার ওপর দিয়ে এবং মনু রেলস্টেশনের কাছে বিপদসীমার দুই দশমিক আঠারো মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানিতে কমলগঞ্জের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বন্যার কারণে কমলগঞ্জ-শ্রীমঙ্গল, কমলগঞ্জ-আদমপুর, কমলগঞ্জ-মাধবপুরের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কমলগঞ্জের এইচএসসি পরীক্ষা কেন্দ্র আব্দুল গফুর মহিলা কলেজ বন্যায় তলিয়ে গেছে। স্থানীয় লোকজন ভাঙন রোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
টিউবওয়েলগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার ফলে এলাকায় নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় এখনও কোনও ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।
এদিকে হবিগঞ্জ প্রতিনিধি জানান, একটানা চারদিন অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার খোয়াই নদীর পানি বিপদ সীমার এক মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বৃদ্ধির হার অব্যাহত রয়েছে। জেলার চুনারুঘান উপজেলার ১০টি ইউনিয়নের ২৮টি গ্রামে খোয়াই নদীর বাঁধ উপচে পানি প্রবেশ করছে।
বাহুবল উপজেলার করাঙ্গি নদীর বাঁধ উপচে চারটি ইউনিয়নের ১৮টি গ্রামে পানি প্রবেশ করছে। এ উপজেলার ভাদশ্বর ইউনিয়নের সুফিয়াবাদ গ্রামে চার শতাধিক বাড়ি ঘরে পানি ঢুকে পড়েছে। বিস্তীর্ণ এলাকার বোরো ধান ও আউশ ধানের বীজতলা তলিয়ে গেছে। এদিকে সুতাং ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
