বালিয়াকান্দির ইউএনওকে হত্যার হুমকি
রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকীকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও মঙ্গলবার দেরিতে পাওয়া এ খবরের সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, বিষয়টি জেলা প্রশাসন ও থানাকে অবহিত করা হয়েছে।
বালিয়াকান্দি থানা সূত্র জানায়, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ সাহার কিছু কাজকর্মে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় অডিট টিম অডিট আপত্তি তোলে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী ১৪ মে বিষয়টি সাবেক নির্বাহী কর্মকর্তা শুভাশীষ সাহাকে অবহিত করে সরেজমিনে এসে আপত্তিগুলো নিষ্পত্তি করার কথা বলেন। তবে তার কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।
তারপর ১৫ মে মাহবুবুর রহমান ফারুকীকে মোবাইলে বলা হয়, শুভাশীষ সাহার কাজের তাগাদা দিলে বা অডিট আপত্তি নিয়ে কথা বললে বা তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ১৫ মে একটি লিখিত এজাহার দায়ের করেন। থানা কর্তৃপক্ষ জানায়, মোবাইলটি কার এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
