কমলাপুরে চোরাই রেলওয়ে সরঞ্জামসহ ওয়াগন আটক
কমলাপুর রেলওয়ে স্টেশনে আটক ওয়াগন খুলে চোরাই রেল লাইন ও রেল ইঞ্জিনের বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ পাওয়া গেছে।
রেলওয়ে রেঞ্জ, ঢাকার ডিআইজি এবং অন্যান্য উচ্চ পদস্থ রেলওয়ে কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার ওয়াগনটি খোলা হয়।
এ ঘটনা তদন্তে রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ডিসিও) সরদার শাহাদাত আলীকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জিআরপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা ফারুক আহমেদ বিডিনিউজকে বলেন, কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
তিনি জানান, ১৬ মে ওয়াগনটি চোরাই যন্ত্রাংশসহ কমলাপুর রেলওয়ে স্টেশনে পিএসএম অফিসের সামনে ৭ নং প্লাটফরমের পূর্ব পার্শ্বে ইয়ার্ড লাইনে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তা আটক করা হয়।
এই ঘটনায় ২২ মে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয় (জিডি নং- ১০০০, ২২-০৫-০৫)
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১১ মে মালগাড়ির দুটি ওয়াগন রেলওয়ের চোরাই যন্ত্রাংশ ভর্তি করে দেওয়ানগঞ্জ থেকে চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের উদ্দেশ্যে রওয়ানা হয়। ময়মনসিংহ পৌঁছার পর এর মধ্যে একটি ওয়াগন পাহাড়তলীর দিকে না গিয়ে ঢাকার গেন্ডারিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে আসে।
এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ ফোর্স এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী ওয়াগনটি (নম্বর-বিসি-১০০১৪৬) ঢাকা পৌঁছার পর আটক করে।
মোস্তফা ফারুক আহমদ জানান, রেল ওয়াগনটির সিলগালা স্লিপে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ‘সেলিম, সীমা স্টিল, গেন্ডারিয়া’ এর নামে বুকিং দেওয়া হয়েছে বলে উল্লেখ আছে।
তিনি জানান, ওয়াগনটিতে থাকা রেল লাইন ও ইঞ্জিনের চোরাই যন্ত্রাংশ গেন্ডারিয়া রি-রোলিং মিলে পাঠানোর চেষ্টা চলছিল।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
