মাসুদ আহমেদ ইউনিসেফের গ্লোবাল স্টাফ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত
ইউনিসেফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা (জরুরী) এ কে মাসুদ আহমেদ ইউনিসেফ গ্লোবাল স্টাফ এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি মোট প্রদত্ত ভোটের শতকরা ৫১ ভাগ পেয়েছেন।
বিশ্বজুড়ে ১০৮টি স্থানে ইউনিসেফের আট হাজার পাঁচশত কর্মীর প্রতিনিধিত্ব করতে সংগঠনটির ইতিহাসে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ের অফিস থেকে একজন প্রার্থী নির্বাচিত হলেন।
বিগত ১০ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নিউইয়র্কের অফিস থেকে ১৯ মে ফলাফল ঘোষণা করা হয়। মাসুদ আহমেদ ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
একজন নিষ্ঠাবান রোটারিয়ান মাসুদ ইউনিসেফ কর্মী হিসেবে সোমালিয়াতে আট বছর দায়িত্ব পালন করেন। এছাড়া এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে সুনামের সাথে জরুরী দায়িত্ব পালন করেছেন।
