২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংসদের আগামী অধিবেশনে জেনারেল আরোরা স্মরণে শোক প্রস্তাব গ্রহণের দাবি

মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ কমান্ডের অধিনায়ক জেনারেল জগজিৎ সিং আরোরা স্মরণে আয়োজিত এক শোক সভায় বক্তারা জাতীয় সংসদের আগামী অধিবেশনে জেনারেল আরোরা স্মরণে শোক প্রস্তাব গ্রহনের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সোমবার জাতীয় জাদুঘরের নভেরা হলে মুজিবনগর ও মুক্তিযোদ্ধা অফিসার কর্মচারি কেন্দ্রীয় কল্যাণ সমিতি এ সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি ড. এসএ সামাদের সভাপতিত্বে অনু্িরষ্ঠত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, সেক্টর কমান্ডার জেনারেল কেএম শফিউল্লাহ, মুজিবনগর সরকারের ক্যাবিনেট সেক্রেটারি এইচটি ইমাম, সেক্টর কমান্ডার কর্নেল আবু ওসমান চৌধুরী, ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশনার সর্বজিৎ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কর্নেল (অবঃ) শওকত আলী, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আবীর আহাদ, মক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আক্কু চৌধুরী ও সমিতির মহাসচিব মোহাম্মদ মুসা।

সভায় ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশ যতদিন স্বাধীন থাকবে, জেনারেল আরোরার নাম ততদিন স্মরণীয় হয়ে থাকবে। ইতিহাস বিকৃতির মাধ্যমে আরোরার অবদান মুছে ফেলা সম্ভব নয়।

কর্নেল শওকত আলী বলেন, খালেদা জিয়ার বিগত শাসনামলে পাকিস্তানের জেনারেল জানজুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। কিন্তু আরোরার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, যত অপচেষ্ঠা করা হোক না কেন মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী ও জেনারেল আরোরার নাম মুছে ফেলা যাবে না।

ওয়ালিউর রহমান বলেন, এটা জাতি হিসেবে লজ্জাজনক ঘটনা যে এখন পর্যন্ত জেনারেল আরোরার মৃত্যুতে সরকারিভাবে শোক প্রকাশ করা হয়নি। সংসদের আগামী অধিবেশনে তাঁর স্মরণে শোক প্রস্তাব গ্রহনের জন্যে দাবি জানাচ্ছি।