২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণগ্রস্ত মহিলা ইউপি সদস্যের কিডনি বিক্রির ঘোষণা

ঋণের ভারে জর্জরিত হয়ে পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের এক মহিলা ইউপি সদস্য নিজের দুটি কিডনি বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ক্রাইম রিাপোর্টার্স এ্যাসোসিয়েশন-ক্র্যাব কার্যালয়ে তিনি সোমবার সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 05:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ইউনিয়নের ১, ২ এবং ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য তাহমিনা সুলতানা (৩০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, মহাজনের ঋণ শোধ করতে না পারায় লাল পতাকার (সর্বহারা) সদস্যদের অব্যাহত হত্যার হুমকির মুখে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তিনি জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় স্থানীয় মহাজনের কাছ থেকে সুদে তিনি প্রায় দেড় লাখ টাকা ঋণ নেন। পরে বিভিন্ন কারণে তা শোধ করতে না পারায় মহাজন স্থানীয় লাল পতাকার সশস্ত্র সন্ত্রাসীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে।

তিনি স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান রানার বিরুদ্ধেও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনেন।

তাহমিনা বলেন, আমাদের পরিবার সর্বহারাদের অব্যাহত হুমকির মুখে রয়েছে।

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, সন্ত্রাসীদের হুমকির মুখে আমি বাড়িতে থাকতে পারছি না। আমার পরিবারও রয়েছে হুমকির মুখে। অন্যদিকে অর্থাভাবে মানবেতর জীবন কাটাচ্ছি।

তিনি বলেন, এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে দুটি কিডনি চার লাখ টাকায় বিক্রি করতে চাই। দুই লাখ টাকা ঋণ পরিশোধ করে বাকি দুই লাখ টাকা পরিবারকে দিয়ে যেতে চাই।

তাহমিনা বলেন, চেয়ারম্যান আমাকে এলাকার কোনও কাজ দেয় না। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমার মামারা আওয়ামী লীগ করে। তাই বিএনপি সমর্থিত চেয়ারম্যান ষড়যন্ত্র করে আমাকে কোনও কাজ দেয় না।

২০০৩ সালের ১ মার্চ এর নির্বাচনে তাহমিনা একদন্ত ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নং আসন থেকে ইউপি সদস্য নির্বাচিত হন।

তিনি বলেন, গত দু বছরে প্রায় আট থেকে ১০টি প্রকল্প জমা দিলেও চেয়ারম্যান তাকে একটি কাজও দেয়নি।