২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো আবহাওয়া: ১২টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত

ঝড়ো আবহাওয়ার কারণে রোববার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ১২টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। এসব বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বিমানবন্দর সূত্র জানায়, গালফ এয়ারের মাসকাট ঢাকা রুটে সকাল ৬ টা ৪০ মিনিটের ফ্লাইট (জিএ ৪৫৬) দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতিপথ পরিবর্তন করে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়। পরে ওই ফ্লাইটটি সকাল সাড়ে ১০টায় জিয়া বিমানবন্দরে অবতরণ করে।

জিএমজি এয়ারলাইন্সের ঢাকা কলকাতা রুটের আরেকটি আন্তর্জাতিক ফ্লাইট ৪৫ মিনিটের জন্য বিলম্বিত হয়। সকাল সাড়ে ১০টার ওই ফ্লাইটটি সকাল সোয়া ১১টায় কলকাতা উদ্দেশ্যে যাত্রা করে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও জিএমজি’র সব কয়েকটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ঝড়- বৃষ্টির কবলে বিলম্বিত হয়।

জানা যায়, বিমানের সকাল সোয়া ৭টার চট্টগ্রাম ফ্লাইট সকাল পৌনে ৯টায়, সকাল ৯টার সিলেট ফ্লাইট সকাল ৯টা ৫৫ মিনিটে, সকাল সাড়ে ১০টার রাজশাহী ও সৈয়দপুর ফ্লাইট সকাল ১১টায়, সকাল ১১টার চট্টগ্রাম ও কক্সবাজার বেলা ১২টা ৩৪ মিনিটে বিলম্বিত যাত্রা করে।

একইভাবে জিএমজির সকাল সোয়া ৭টার ও সকাল সাড়ে ৯টার ফ্লাইট চট্টগ্রাম ফ্লাইট একত্রে সকাল সাড়ে ১০টায়, সকাল ৭টা ২০ মিনিটের যশোর ফ্লাইট সকাল পৌনে ৮টায়, বিকাল সাড়ে ৩টার বরিশাল ফ্লাইট বিকাল ৪টায় এবং সকাল সাড়ে ৯টার সিলেট ফ্লাইট সকাল ১০টা ২০ মিনিটে যাত্রা করে।