২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক বিভেদ দেশকে ধ্বংস করছে: বিডিনিউজের প্রতিনিধি সম্মেলনে ড. কামাল

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, বিশ্বের প্রধান রোগ হচ্ছে এইডস। আর বাংলাদেশের প্রধান রোগ হচ্ছে রাজনৈতিক বিভাজন ও সীমাহীন লোভ। এটি দেশ, সমাজ ও রাজনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি লেখনীর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ, সমাজ ও রাজনীতিকে রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

রোববার বাংলাদেশের প্রথম দ্বি-ভাষিক বার্তা সংস্থা বিডিনিউজ’র প্রথম প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজের প্রধান সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত: বক্তব্য রাখেন বিডিনিউজের সম্পাদক রাশেদ চৌধুরী, বার্তা সম্পাদক এনামুল হক চৌধুরী।

দিনব্যাপি প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও নির্বাচিত উপজেলার ৭০ জন সাংবাদিক যোগ দেন।

ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশে সবকিছুকে দলীয়ভাবে বিভাজন করার মানসিকতা সৃষ্টি হয়েছে। কিছু কিছু দল সন্ত্রাসীদেরকে ভাল মানুষ বলে চালাচ্ছে। কিন্তু দেশের মানুষ জানে কে সন্ত্রাসী আর কে ভাল মানুষ। তাই সত্যকে প্রকাশ করতে হবে। এ জন্য নানা ধরণের হুমকি সত্বেও সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বাস্তবতাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখলে চলবে না। মানুষের কাছে সত্য ধরা পড়বেই।

তিনি বলেন, দেশের বিরাজমান রুগ্ন রাজনীতিতে মেধাবী শিক্ষার্থীদের টাকার লোভ দেখিয়ে অস্ত্র হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। তাদের ক্ষমতায় টিকে থাকার অথবা ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু কিছু ছাত্র টাকার লোভে এসব চক্রের হাতে পড়ে নষ্ট হচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অছাত্রদের ছাত্র বলে নেতৃত্ব হাতে তুলে দেওয়া হচ্ছে। এরা রাজনীতিকে কলুষিত করে ব্যবসা ও টেন্ডারবাজি করছে।

ড. কামাল বলেন, সমাজ ও দেশ সীমাহীন লোভের রোগে আক্রান্ত হয়ে পড়েছে। লোভের কারণে আমরা আইন লঙ্ঘন করে রাজনীতিকে অপরাজনীতির দিকে নিয়ে যাচ্ছি।

তিনি বাংলাদেশের গণতন্ত্রকে শিশু গণতন্ত্র বলাকে ইতিহাস বিকৃতি বলে উল্লেখ করে বলেন, সন্ত্রাস, বিভাজন ও লোভ আমাদের রাজনৈতিক সংস্কৃতি নয়। আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির ঐতিহ্য শত বছরের।

তিনি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ প্রতিবাদে জেগে উঠেছে। মানুষের এ প্রতিবাদ সাংবাদিকদের কলমের মাধ্যমে তুলে ধরতে হবে। দেশের মানুষকে সজাগ করতে হবে। এ জন্য ভয় পেলে চলবে না।

তিনি গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়াকে স্বচ্ছ করতে, নির্বাচনে দূর্নীতিবাজদের প্রতিহত করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। সম্মিলিতভাবে কাজ করলে আমরা দেশকে রক্ষা করতে পারবো। মানুষের জাগ্রত বিবেকের কাছে অনেক কিছুই পরাজিত হয়।

তিনি বলেন, সমাজ ও রাজনীতিকে রোগমুক্ত করতে সাংবাদিকদের কলম পারমানবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী। তিনি অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন সাংবাদিক সমাজের জন্য ড. কামাল হোসেনের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি সব সময় সাংবাদিকদের পাশে রয়েছেন। ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের মতো একজন উত্তরসূরী তিনি সাংবাদিকদের জন্য রেখে যাচ্ছেন।

তিনি ইলেক্ট্রনিক সংবাদপত্রকে ভবিষ্যতের সংবাদপত্র বলে উল্লেখ করে বলেন, বিডিনিউজ একটি ইলেক্ট্রনিক সংবাদপত্র। তাই দেশের মানুষ ও সংবাদপত্রের চাহিদা পূরণ করতে এর সাংবাদিকদের খুবই দক্ষতার সাথে কাজ করতে হবে।

পরে ‘বার্তা সংস্থার সাংবাদিকতা’ শীর্ষক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস’র (এপি) ঢাকা ব্যুরো প্রধান ফরিদ হোসেন আলোচনা করেন।

মধ্যাহ্ন বিরতির পর ‘বার্তা সংস্থার কাছে সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মাধ্যমের প্রত্যাশা’ শীর্ষক আরও একটি কর্র্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর, দি নিউ এজ’র নির্বাহী সম্পাদক নুরুল কবীর ও দি ডেইলি স্টারের বার্তা সম্পাদক ইনাম আহমেদ আলোচনা করেন।