নীলফামারী কারাগারে এক হাজতির মৃত্যু
নীলফামারী জেলা কারাগারে রোববার ভোরে আবুল হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। জেলার প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান লাশের সুরতহাল করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইসমাইল হোসেন বিডিনিউজকে জানান, ভোরে আবুল হোসেনের বুকে ব্যথা শুরু হয়। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাজতির পিতা টোকরা মামুদ। সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর গ্রামে তার বাড়ি।
গত ৭ মে আবুল হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়।
