২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুগন্ধা বাঁধের মানুষ: অন্য ভুবনের বাসিন্দা

সুগন্ধা নদীর তীর ঘেঁষে তিন কিলোমিটার বাঁধের দু‘পাশে আশ্রয় নেয়া প্রায় দু‘শ ভূমিহীন পরিবারকে নিয়ে গড়ে উঠেছে এক আলাদা জগত। নিজভূমে পরবাসী এ এলাকার বাসিন্দারা স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান সব মৌলিক অধিকার থেকেই বঞ্চিত। তারা মন্ত্রী, এমপি, রাজনীতিকতো দূরের কথা স্থানীয় জনপ্রতিনিধিদের দেখাও পায় না। এখানে স্বাস্থ্যর্মীদের পদধুলি পড়ে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 11:14 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

নিরাপদ পানি, ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, স্বাস্থ্যসম্মত পায়খানা, সহজ যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার সুযোগ এদের কাছে স্বপ্ন। এখানে বেঁচে থাকা মানে প্রতি মুহুর্তে প্রকৃতির সঙ্গে লড়াই করা। এখানে বেঁচে থাকা মানে দিনান্তে একমুঠো ভাতের অপেক্ষায় থাকা আর সন্ত্রাসীদের ভয়ে কুঁকড়ে থাকা।

ঈদ কিংবা পূজায় এখানে কোনও আনন্দ থাকে না। মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা, কবরস্থান শ্মশান কোনটাই এখানে নেই। ঝালকাঠির নলছিটি উপজেলার চরষাইটপাকিয়া, বহরমপুর ও উত্তমাবাদের বাঁধে বসবাসকারী মানুষের এই হচ্ছে জীবনচিত্র।

বিভিন্ন সূত্রে প্রকাশ, ১৯৩০ সাল থেকে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া, বহরমপুর ও উত্তমাবাদ মৌজা ভাঙ্গন কবলিত হয়। দীর্ঘস্থায়ী ভাঙ্গনে বহরমপুর মৌজার ২‘শ পরিবারের ৩‘শ একর, চরষাইটপাকিয়া মৌজার ১৮৫টি পরিবারের ২‘শ একর এবং উত্তমাবাদ মৌজার ২‘শ পরিবারের ৩‘শ একর জমি সুগন্ধায় বিলীন হয়ে যায়। পৈত্রিক ভিটেমাটি হারিয়ে এসব পরিবার যোগ দেয় ভাসমান জনগোষ্ঠীর মিছিলে। এদের মধ্যে যাদের সামর্থ্য ছিল তারা নিজেদের চেষ্টায় ঠিকানা খুঁজে নিয়েছে আর যারা পারেনি, তারা ভাসমান হিসেবেই রয়ে গেছে। ১৯৫৮ সালের দিকে সুগন্ধার অপর পাড়ে চর জাগতে শুরু করে।

নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তরা তাদের মধ্যে নতুন চর বন্দোবস্ত করে দেয়ার দাবি জানিয়ে আসতে থাকলে ১২/১৩ বছর আগে ১৩টি এবং ২০০০ সালে ৪৫টি পরিবারকে ৪০ শতাংশ থেকে দেড় একর পর্যন্ত জমি বন্দোবস্ত দেয়া হয়। এ বছর আরও ৬০টি পরিবারকে বন্দোবস্ত দেয়ার কথা।

নলছিটি উপজেলা ভূমি অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী ওই এলাকায় কৃষি-অকৃষি খাস জমির পরিমাণ ৬১০ দশমিক ০৯ একর, এর মধ্যে ২১৭টি ভূমিহীন পরিবারকে মোট ৩৯৮ দশমিক ৪৬ একর জমি বন্দোবস্ত দেয়া হয়েছে। কিন্তু সরকারী বরাদ্দের সিংহভাগই প্রভাবশালীরা নামে-বেনামে পেয়ে যায়। ভূমিহীনরা যেটুকু পেয়েছে তাও ধরে রাখতে পারেনি। প্রভাবশালী একটি চক্র জমি জবরদখল করে নিয়েছে।

ভূমিহীনদের উচ্ছেদ করতে ফসল কেটে নেয়া থেকে শুরু করে বৌ-ঝি তুলে নেয়ার ঘটনাও ঘটেছে এখানে। এ পর্যন্ত কমপক্ষে চার বার ভূমিহীনদের বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মামলা দিয়ে হয়রানিতো আছেই। অন্যদিকে প্রভাবশালীরা লাখ লাখ টাকার গাছ কেটে নিলেও, তাদের বিরুদ্ধে কোনও মামলা হয় না।

প্রভাবশালী ওই চক্রটির অত্যাচারে পিছু হটে ভূমিহীনরা শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে বাঁধের দু‘পাশে। নলছিটি ফেরিঘাট থেকে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত এলাকায় তাদের বসতি। এখন তাদের দখলে আছে সব মিলিয়ে ১০ একরের মত জমি। তবে তার ফসলও কেটে নিয়ে যায় প্রভাবশালীরা। তাদের বক্তব্য, এসব জমি তারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে।

অথচ ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অফিস সূত্র জানায়, সরকারী খাসজমি সর্বোচ্চ দেড় একর পর্যন্ত একজনকে বন্দোবস্ত দেয়া যায়, তবে তা শুধু ভূমিহীনদের জন্য, অন্যদের জন্য নয়। সুগন্ধা বাঁধের বাসিন্দা আব্দুল রাজ্জাক হাওলাদার (৪০), শহীদুল (২৫), গৌতম মন্ডল (৪৫), কাদের হাওলাদার (৬০), মনির হোসেন (৬০), সোমের্তবান বিবি (৭০) সহ আরও অনেকে জানায়, এ পর্যন্ত ৪ বার তাদের ঘরে আগুন দেয়া হয়েছে।

তারা বলে, ক্ষেতের ফসল, গৃহপালিত পশু-পাখি এমনকি বৌ-ঝিও লুট হয়ে যায়। পুলিশ আসে তবে প্রভাবশালীদের পক্ষে তারা কথা বলে। সরকারী-বেসরকারী সংস্থাগুলোর সহযোগিতা তারা ঠিকমতো পায় না।

বাঁধে আশ্রিতদের জন্য নেই কোনও শিক্ষা প্রতিষ্ঠান। ৩ কিলোমিটার দূরবর্তী মার্চেন্ট স্কুলে যায় এখানকার ৭টি মেয়ে, একই স্থানে অবস্থিত পৌর আদর্শ রেজিস্ট্রার্ড স্কুলে যায় ১৬/১৭টি ছেলে-মেয়ে। তাও বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় তাদের স্কুলে যাওয়া হয়ে উঠে না। এখানকার কেউই এসএসসি পর্যন্ত লেখাপড়া করেনি।

বর্ষাকালে সুগন্ধার চারদিকে শুধু পানি আর পানি। ৩ কিলোমিটার এলাকায় মোট ৫টি খাল। আর এসব খাল পারাপারের জন্য গাছ ফেলে কোনও রকমে পারপারে ব্যবস্থা করে তারা। বর্ষার দিনে তাও থাকে না। তখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা।

এলাকায় গভীর কিংবা অগভীর টিউবওয়েল নেই। পানীয় জলের জন্য খালের পানিই ভরসা। পরিবার পরিকল্পনার জন্য এখানকার লোকজনকে পরামর্শ দিতে কেউ কখনও আসে না। প্রতিটি দম্পতিই অবিরাম সন্তান উৎপাদন করে যাচ্ছে।

রাত পোহালে কাজের সন্ধানে বেরুনো আর সন্ধ্যা নামতেই ভাঙ্গা ঘরের আতংকিত রাত, এভাবেই কাটে এই ভুবনের দিন, মাস, বছর। চিত্তবিনোদন বলতে ছেলেদের হাডুডু, মেয়েদের বৌচি, বড়দের তাস ছাড়া আর কিছু নেই।

এলাকার এই অবস্থার পরিবর্তন কবে ঘটবে তা এখানকার বাসিন্দারা জানে না। তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় এখনও কেউ এগিয়ে না আসলেও একদিন হয়তো কেউ আসবে সেই আশায় তাদের জীবন চলে, কেননা আশা জিউয়ে রাখাইতো জীবন।