পাহাড়ে জঙ্গী সংস্থা আরআইএইচএস’র তৎপরতা শুরু
পাহাড়ে রিভাইভ্যাল ইসলামিক হেরিটেজ সোসাইটি (আরআইএইচএস) নামে একটি ইসলামী জঙ্গী সংগঠনের তৎপরতা শুরু হয়েছে।
একটি দায়িত্বশীল সরকারি সূত্র জানায়, দীর্ঘদিন থেকে পার্বত্যাঞ্চলে আরআইএইচএস’র অঘোষিত কার্যক্রম পরিচালিত হলেও শুক্রবার তারা বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেয়।
জানা যায়, শুক্রবার সকালে বান্দরবান সার্কিট হাউসে জেলা প্রশাসক শেখ আলাউদ্দিন, পুলিশ সুপার ইকবাল বাহার ও সমমনাদের এক বৈঠকে আরআইএইচএস বান্দরবানে নও মুসলিমদের জন্য আবাসন, এতিমখানা, মসজিদ, হাসপাতাল, কমিউনিটি সেন্টার ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা তুলে ধরেছেন।
বৈঠকে উপস্থিত একটি সুত্র জানায়, আরআইএইচএস’র প্রশাসনিক কর্মকর্তা কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল মোফারেজসহ অন্য তিনজন বিদেশী নাগরিক উপস্থিত ছিলেন। এদের মধ্যে দুজন সুদানী এবং অন্য জন কুয়েতের নাগরিক।
বৈঠকের পর তারা সরকারি কর্মকর্তাদের নিয়ে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা এবং সদর উপজেলার চড়ুইপাড়াসহ কয়েকটি এলাকা পরিদর্শণ করেছেন। অবকাঠামো নির্মাণের জন্য এই প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ ভূমি ক্রয়ে আগ্রহী বলে সুত্রটি জানিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কুয়েত ভিত্তিক প্রতিষ্ঠান আরআইএইচআর ঢাকার উত্তরায় বাংলাদেশের প্রধান অফিস স্থাপন করে গাজীপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুমিল্লা, চাঁদপুর ও পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন মৌলবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে।
বান্দরবানে তাদের কার্যক্রমের মূল লক্ষ্য নও মুসলিমদের পুণর্বাসন বলে তারা দাবি করলেও অনেকেই মনে করছেন, রোহিঙ্গা শরণার্থীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার জন্য তারা বান্দরবানে কার্যক্রম সনম্প্রসারণ করতে যাচ্ছে।
ভিন্ন একটি সূত্র জানায়, জঙ্গি তৎপরতার জন্য বর্তমানে কারাগারে অন্তরীণ ড. গালিবের সাথে আরআইএইচএস’র গুরুত্বপূর্ণ যোগাযোগ রয়েছে। ড. গালিবের সংস্থাকে বিপুল পরিমাণ অর্থের যোগান দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।
আন্তর্জাতিকভাবেও আরআইএইচএস’র রয়েছে ব্যাপক নেটওয়ার্ক। গত বছর মার্কিন চাপের মুখে সৌদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথেও তাদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এই প্রতিষ্ঠানটি গুটিয়ে যাওয়ার পর তাদের বাংলাদেশ অফিসে কর্মরত চারজন কর্মকর্তাই বর্তমানে আরআইএইচআর’র ঢাকা অফিসে নিয়োগ পেয়েছে।
