আরিচায় লঞ্চডুবি: আরো ৮টি লাশ উদ্ধার, এ পর্যন্ত মৃত ৫৭ জন
আরিচায় লঞ্চডুবির ঘটনায় ডুবুরি ও স্থানীয় জনসাধারণ শনিবার আরো চারটি মৃতদেহ উদ্ধার করে।
অন্যদিকে লঞ্চডুবির ঘটনায় ফরিদপুরে ভেসে এসেছে চারটি লাশ। এ নিয়ে মোট উদ্ধার করা লাশের সংখ্যা ৫৭ জনে দাঁড়ালো।
প্রত্যক্ষদর্শী জানায়, প্রবল স্রোতে অনেক মৃতদেহ ভেসে গেছে। এ পর্যন্ত মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে ৩১টি বেওয়ারিশ লাশ শিবালয়ের গোরস্থানে দাফন করা হয়েছে।
আরিচায় শনিবার উদ্ধার করা চারটি লাশের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে, পাবনার সাতবাড়িয়া গ্রামের আফসার আলী শেখ (৪৫) ও পাবনার আটাই খোলা গ্রামের গনি সরদার (২৫)।
উদ্ধারকারি জাহাজ ‘রুস্তম’ ডুবে যাওয়া লঞ্চটি ওঠানোর চেষ্টা করছে। সংশ্লিষ্টদের ধারণা, লঞ্চের ভেতর অনেক মৃতদেহ আটকা পড়ে আছে।
ধীরগতিতে উদ্ধারকাজ চলায় যমুনাপাড়ে স্বজনের লাশের জন্য অপেক্ষমান শত শত মানুষ এখন ক্ষুব্ধ।
এদিকে বিডিনিউজের ফরিদপুর প্রতিনিধি জানান, আরিচায় লঞ্চডুবির ঘটনায় ফরিদপুরে পদ্মা নদীতে চারটি লাশ ভেসে এসেছে। পুলিশ শুক্রবার সকালে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন টেপুরাকান্দি এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে। পুলিশ শনিবার ওই একই এলাকা থেকে দু’টি এবং পাশের মদনখালি গ্রাম থেকে উদ্ধার করে আরো একটি লাশ।
শত শত গ্রামবাসী পচাঁগলা লাশগুলো দেখার জন্য ঘটনাস্থলে ভীড় জমিয়েছে।
স্থানীয় জনসাধারণ ও পুলিশ জানায়, মঙ্গলবার ঝড়ে ডুবে যাওয়ার সময় পাবনার নটাখোলা থেকে আরিচাগামী এমভি রায়পুর নামে ওই লঞ্চটিতে ২০০ যাত্রী ছিলো। এর ধারণ মতা ১২০।
ঘটনার পর থেকে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। মাত্র ২০/২৫ জন তীরে উঠতে পেরেছিল।
যমুনা নদীর তীরে নিখোঁজ যাত্রীদের শত শত আত্মীয়-স্বজন এখনও অপেক্ষা করছে।
১৫ মে পটুয়াখালিতে লঞ্চডুবির পর এটি নৌ দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটে।
