২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে ক্রসফায়ারে ডাকাত নিহত

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) ক্রসফায়ারে শুক্রবার রাতে জয়দেবপুরে এক ডাকাত নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 04:43 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

র‌্যাব সূত্র জানায়, আন্তঃজেলা ডাকাত দলের নেতা মোশাররফকে (২৭) শুক্রবার সদর উপজেলার শিশিরচরা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী র‌্যাব সদস্যরা তাকে নিয়ে কুজ্জামারা এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছলে মোশাররফের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করতে শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়।

র‌্যাব সূত্র আরও জানায়, এ সময় মোশাররফ পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে সে মারা যায়। র‌্যাব ঘটনাস্থল থেকে মনির ও ফালান নামে মোশাররফের দু’সহযোগীকে গ্রেপ্তার করে।

এছাড়াও তারা ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, এক রাউন্ড গুলি এবং বেশ কয়েকটি মরণাস্ত্র উদ্ধার করে।