ঢকায় হরতালে পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত ৩০ জন, আটক শতাধিক
আওয়ামী লীগসহ বিরোধী দলের ডাকে দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শনিবার বিভিন্ন ঘটনায় রাজধানীতে কমপক্ষে ৩০ জন হরতাল সমর্থক আহত এবং শতাধিক ব্যাক্তি পুলিশের হাতে আটক হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, পুরোনো ঢাকার লালবাগ এলাকায় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে চারজন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়। এ সময় হরতাল সমর্থকদের ইট-পাটকেলে আহত হয় দুই পুলিশ সদস্য।
সেখানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। হরতাল সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
লালবাগের আহতদের মধ্যে রয়েছেন ৬৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন (৩০), মনির হোসেন (২৭), মঞ্জু মিয়া (২৯) এবং অনু মিয়া (২৮)। সেখানে পুলিশের এসআই মজিবর রহমান এবং কনস্টেবল ফয়েজ আহমেদ আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, হাজি সেলিমের নেতৃত্বে সকাল ১১টায় লালবাগ মোড় এলাকায় একটি মিছিল বের হয়। এ সময় পুলিশ বাধা দিলে মিছিলকারিরা পুলিশি বাধা অতিক্রমের চেষ্টা করে।
পরে পুর্লিশ বেধড়ক লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ মিছিলকারিরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশও মিছিলকারিদের ছত্রভঙ্গ করতে প্রায় ৪০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে।
এর আগে পুলিশ আওয়ামী লীগ নেতা হাজি সেলিমকে নেতৃস্থানীয় আরও কয়েকজনসহ তাঁর বাড়িতে অবরুদ্ধ করে রাখে।
জানা যায়, পৃথক ঘটনায় সন্ত্রাসীরা সবুজবাগের মায়াকানন এলাকায় একটি সিএনজি অটোরিক্সার চালকের শরীরে ও তার গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে অটোরিক্সাটি ভস্মীভূত হয়।
গুরুতর আহত অটোরিক্সা চালক মিজানুর রহমানকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার ধূপখালিতে। তিনি ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার ১২২/১ আহমদনগরের বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিডিনিউজের সাথে আলাপকালে মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় দুই জন যাত্রী গাবতলী যাওয়ার কথা বলে তার গাড়িতে ওঠে। এক পর্যায়ে তারা তার শরীরে এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমন্ডির ২৮ নম্বর সড়ক থেকে সকাল ১১টায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও আব্দুল মতিন খসরুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। রাসেল স্কোয়ারের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিলটির গতিরোধ করে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়। পুলিশ প্রায় ৩০ জন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে নাসিমের নেতৃত্বে ছত্রভঙ্গ মিছিলকারিরা রাসেল স্কোয়ারে অবস্থান নেয়। পরে ন্যাম ভবন থেকে চারজন সাংসদের নেতৃত্বে একটি মিছিল এসে সেখানে যোগ দেয়। বেলা পৌনে ১২টায় বঙ্গবন্ধু জাদুঘর থেকে মহিলা আওয়ামী লীগের একটি মিছিল পুলিশি বাধা অতিক্রম করে রাসেল স্কোয়ারের সমাবেশে যোগ দেয়।
বেলা ১২টায় ধানমণ্ডি ১৫ নম্বর সড়ক থেকে যুব মহিলা লীগের একটি মিছিল ধানমণ্ডি ৩ নম্বর সড়কের বিরোধী দলীয় নেতার কার্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ মিছিলকারিদের আটক করে ধানমণ্ডি থানায় নিয়ে যায়। এখান থেকে পুলিশ কমপক্ষে ৩০ জন মহিলা কর্মীকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এছাড়া গ্রিন রোড এলাকা থেকে আসা মহিলা আওয়ামী লীগের একটি মিছিল রাসেল স্কয়ারের কাছে এলে পুলিশের হামলার শিকার হয়। এতে পাঁচ-ছয়জন নারী কর্মী আহত হয়।
এরআগে বঙ্গবন্ধু এভিনিউয়ে পুলিশের হামলায় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও তিনজন সাংবাদিক আহত হয়। আহত সাংবাদিকরা হচ্ছেন এনটিভির ক্যামেরাম্যান ফজলুর রহমান, ভোরের কাগজের ফটো সাংবাদিক রাজা, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলাল।
আহত নেতাদের মধ্যে মতিয়া চৌধুরী, নগর নেতা এফএম আব্দুল হক, সাবেক সাংসদ সেগুফতা ইয়াসমিন এমিলি, শায়লা সালাম, কামাল হোসেন আকাশ প্রমুখ রয়েছেন।
এফএম আব্দুল হককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এক পর্যায়ে পুলিশ আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
ওই এলাকায় কড়া পুলিশী প্রহরার আওয়ামী লীগ নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল বের করে।
হরতালের সকালে মহাখালিতে সাবেক সাংসদ কেএম রহমত উল্লাহ ও ডাকসুর সাবেক জিএস আখতারুজ্জামানের নেতৃত্ব প্রায় ২০০ নেতাকর্মীর একটি মিছিল তিতুমীর কলেজ এলাকা থেকে বের হয়। পুলিশ আমতলী এলাকায় বেধড়ক লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী এ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এতে সরকার পতনে সরকার বিরোধী আন্দোলনে তাদের সহযোগী জাসদ (ইনু) সমর্থন দেয়। তবে তাদের অপর সহযোগী ১১ দল এতে সমর্থন দেয়নি।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগ গত বুধবারও ঢাকা মহানগরী এলাকায় হরতাল পালন করে। একই ইস্যুতে এটি তাদের দ্বিতীয় হরতাল।
শনিবার হরতালের প্রথম ভাগে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে। বিভিন্ন বিপনী কেন্দ্রে দোকান-পাট বন্ধ ছিলো। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোনও ক্লাস অনুষ্ঠিত হয়নি।
বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসে উপস্থিতির হারও ছিলো কম।
