২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপু সুলতানের তরবারি নিয়ে বিবাদ চরমে

বৃটিশ বাহিনীর সাথে টিপু সুলতানের যুদ্ধের ইতিহাস দু’শ ছয় বছরের। যুদ্ধের ইতিহাস পুরনো হলেও সম্প্রতি টিপু সুলতানের ঐতিহাসিক তরবারি নিয়ে এক নতুন বিবাদের সূত্রপাত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 02:47 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ধনাঢ্য মদ ব্যবসায়ী বিজয় মাল্য ২০০৩ সালে লন্ডনের একটি নিলাম থেকে টিপু সুলতানের তরবারিটি কেনেন।

কর্ণাটকের গত বিধানসভা নির্বাচনের সময় তিনি তরবারিটি প্রদর্শন করেন। সম্প্রতি তরবারিটি যুক্তরাষ্ট্রে পাঠানোর কারণে তিনি শুল্ক বিভাগের কোপানলে পড়েন।

কেন্দ্রীয় আবগারী ও শুল্ক বিভাগ সান ফ্রান্সিস্কোর এশিয়ান আর্ট মিউজিয়ামে তরবারিটি প্রদশর্নের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যাপারে তো প্রশ্ন তুলেছেই, সেইসাথে তরবারিটি কোনও রকম আবগারী শুল্ক না দিয়েই ব্যাঙ্গালোরে কিভাবে নিয়ে আসা হল তার ব্যাপারেও প্রশ্ন তুলেছে।

কোনও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির কোনও পণ্যের জন্য কোনও শুল্ক দিতে হবে না এমন ভুল ধারণা থেকেই তরবারিটিকে ভারতে আনার অনুমতি দেয়া হয়েছে বলে মনে করছেন তারা।

কিন্তু কেন্দ্রীয় আবগারী ও শুল্ক বোর্ডের পরিদর্শন বিভাগ বলে, সরকার পক্ষ থেকে আমদানি করা না হয়ে থাকলে আইন অনুযায়ী প্রাচীন শিল্পকর্মের আমদানি নিষিদ্ধ। এদিকে মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রে তরবারি পাঠানোর কারণে মাল্যকে ইতোমধ্যে অস্ত্র আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় পরিদর্শন বিভাগ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাখিল করা প্রতিবেদনে তরবারি ছাড় করতে গিয়ে কাস্টমস বিভাগের গৃহীত ব্যবস্থার ব্যাপারে প্রশ্ন তুলেছে।

পরিদর্শন বিভাগ মনে করছে কাস্টমস কর্তৃপক্ষের উচিত ছিল তরবারিটি জব্দ করা। কেননা, এতে করে কেবল অস্ত্র আইনই লঙ্ঘিত হয়নি, সেইসাথে প্রাচীন নিদর্শন এবং শিল্প সংরক্ষণ আইনও লঙ্ঘিত হয়েছে।

কিন্তু সান ফ্রান্সিকো থেকে মাল্য জানান, তিনি টিপু সুলতানের তরবারির ব্যাপারে শুল্ক বিভাগের মন্তব্যে বিস্মিত। তিনি আরও বলেন, ভারতীয় ইতিহাসের একটি নিদর্শন হিসেবে তরবারিটি কিনে নিয়ে তিনি একজন সুনাগরিকের দায়িত্ব পালন করেছেন।

এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পি চিদাম্বরের সম্মতিপত্র প্রদর্শন করেন।

মাল্য ২৫ মে লন্ডনে অনুষ্ঠেয় টিপুর অন্যান্য সম্পত্তির এক নিলামে অংশগ্রহন ও সেখান থেকে প্রাচীন শিল্পকর্ম কেনার ব্যাপারে বাণিজ্য মন্ত্রীর সাথে পরামর্শ করার চিন্তাভাবনা করছেন।