২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া বিমানবন্দর রেলস্টেশন মাদক পাচারের ট্রানজিট পয়েন্ট

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন রেলস্টেশনটি এখন মাদক পাচারের ট্রানজিট পয়েন্ট ও মাদক চোরাকারবারীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। এখানকার গডফাদার ও গ্যাংলিডাররা বরাবরই ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সূত্র জানায়, প্রতিমাসে এ বিমানবন্দর রেলস্টেশন দিয়ে লাখ লাখ টাকার ফেন্সিডিল, গাঁজা, হেরোইন ও নেশাজাতীয় বিভিন্ন দ্রব্য পাচার করা হচ্ছে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ট্রেনযোগে লাখ লাখ টাকার মাদকদ্রব্য বিমানবন্দর স্টেশনে আসছে। পরে মাদক সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে তা অন্যত্র পাচার হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, পূর্বে দীর্ঘদিন ধরে কমলাপুর রেলস্টেশনটি ছিল মাদকদ্রব্যের প্রধান ট্রানজিট পয়েন্ট। মাদক চোরাচালান জগতের গডফাদার, গ্যাংলিডার, মাদক সম্রাজ্ঞী এবং মাদক সিন্ডিকেটের প্রধান ঘাঁটি ছিল কমলাপুর রেলওয়ে জংশনটি।

সূত্র আরও জানায়, রেলওয়ে পুলিশ ও রেল বিভাগের কিছু দুর্নীতিপরায়ন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে কমলাপুর রেলওয়ে জংশনে চলছিল জমজমাট মাদক ব্যবসা। ফলে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরও এখানে বেশি ছিল। আর সেকারণেই মাদক ব্যবসায়ীরা পুলিশের কড়া দৃষ্টি ও গ্রেফতার এড়ানোর জন্য তাদের গোপন ট্রানজিট এলাকা সরিয়ে বিমানবন্দর রেলস্টেশনে নিয়ে গেছে।

অনুসন্ধানে জানা যায়, সারাদিনই বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনযোগে মাদকের চালান এসে নামছে। তবে সবচে’ বেশি চালান এসে নামছে আখাউড়া রেলস্টেশন থেকে। বড় বড় ফেন্সিডিল চালানগুলো প্রতিদিন সন্ধ্যা ও ভোররাতে খালাস হয়।

সরেজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, মাদক চালানের হোতারা সার্বক্ষণিকভাবে রেলস্টেশন, প্ল্যাটফর্ম এবং আশপাশের এলাকায় বিচরণ করছে। এদের মধ্যে কাউকে দেখা গেছে মনোলোভা খাবার ঘরের সামনে, কেউ ওয়ান্ডার ইন রেস্টুরেন্টে আবার কেউ অবস্থান করছে ওয়াটার ফ্রন্টের দ্বীপ রেস্টুুরেন্টে। চালান আসার সময় হলেই তারা তৎপর হয়ে উঠে। গডফাদার ও গ্যাংলিডারদের সাথে থাকছে মাদক সিন্ডিকেটের সদস্যরা। চারপাশের পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে মোবাইল ফোনে চোরাকারবারীদের অবহিত করার পর ট্রেন থেকে মাদক নামছে নির্দিষ্ট পয়েন্টে। মালামাল নামার সাথে সাথে অত্যন্ত সতর্কতার সাথে খুব দ্রুতগতিতে মাইক্রোবাস, রিক্সা ও ভ্যান গাড়িতে করে উত্তরার আশপাশে কাওলা ও প্রেমবাগান এলাকার আস্তানায় নিয়ে যাওয়া হয়। মাদক চোরাকারবারী দলের সদস্য ও গডফাদাররাও ওই সব এলাকায় বসবাস করে।

সূত্র আরও জানায়, কখনও কখনও তথ্য পাওয়ার পর পুলিশ ট্রেনের বগিতে ঢুকে অভিযান চালায়। তখন মাদক ব্যবসায়ীরা নতুন কৌশল অবলম্বন করে। মাদক ব্যবসায়ীরা তখন ট্রেনে অবস্থানকারী মাদক পাচারকারীদেরকে মোবাইল ফোনে পুলিশের অবস্থান ও তল্লাশীর খবর জানিয়ে দিলে তারা মাল না নামিয়ে সতর্ক হয়ে ট্রেনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকে। পরে মহাখালী থেকে কমলাপুর রেলস্টেশনের আগ পর্যন্ত রাস্তার যেকোনও জায়গায় ট্রেন থামিয়ে মাল নামানো হয়।