সাহায্য হিসেবে প্রদত্ত জাপান সরকারের সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল খালাসের অপেক্ষায়
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের ৩টি ও পশ্চিমাঞ্চলে ১টি জেলায় বিশ্ব খাদ্য কর্মসূচীর আওতায় জাপান সরকারের সাহায্য হিসেবে দেয়া প্রায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন চাল এখন খালাসের অপেক্ষায়।
কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র লোকজনের মধ্যে ভিজিএফ কর্মসূচীর মাধ্যমে এ চাল বিতরণ করা হবে। এ মাসের প্রথম দিকে চট্টগ্রাম বন্দরে এই সাহায্যের চাল এসে পৌঁছে। উল্লেখিত জেলাগুলোর ৩৩টি খাদ্য গুদামে হাজার হাজার ট্রাকে করে এসব চাল আনা হচ্ছে।
সূত্র জানায়, কিশোরগঞ্জের ১৩টি উপজেলার সরকারী খাদ্য গুদামের সামনে গত এক সপ্তাহ ধরে শত শত চাল বোঝাই ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র লোকজনের মধ্যে খাদ্য সাহায্য কর্মসূচীর অংশ হিসেবে জাপান সরকার প্রদত্ত ১২ হাজার ৫‘শ ২৮ মেট্রিক টন আতপ চাল ওইসব ক্ষতিগ্রস্ত জেলায় পাঠানো হবে।
জানা যায়, কিশোরগঞ্জে ৩ হাজার ৫‘শ ২০ মেট্রিক টন, নেত্রকোণায় ২ হাজার ৫‘শ ৯৩ মে. টন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৫ মে. টন ও সিরাজগঞ্জে ৩ হাজার ৩‘শ ৮০ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে স্মরণকালের ভয়াবহ বন্যায় উল্লেখিত ৪ জেলায় হাজার হাজার গ্রাম, রাস্তাঘাট, সেতু কালভার্টেরও ব্যাপক ক্ষতি হয় ও কয়েক লাখ লোক সর্বশান্ত হয়।
