বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে জোট সরকার রাষ্ট্রীয় ও সামাজিক শৃংখলা ভেঙ্গে ফেলছে: বিডিনিউজকে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলকে দমন ও নিশ্চিহ্ন করতে গিয়ে বিএনপি-জামাত জোট সরকার দেশের রাষ্ট্রীয় ও সামাজিক শৃংখলা ভেঙ্গে ফেলছে। বাংলাদেশ সেনাবাহিনীর মতো ‘ডিসিপ্লিনড ফোর্স’কে তারা বিনা বিচারে মানুষ মারা শেখাচ্ছে। যা সেনাবাহিনীর আইন ও নিয়ম বহির্ভূত।
চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচ দিনের সফর শেষে ঢাকা ফেরার পূর্ব মুহূর্তে বৃহস্পতিবার কক্সবাজার বিমান বন্দরে বিডিনিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে শেখ হাসিনা এ অভিযোগ করেন।
বিরোধী দলীয় নেতা বলেন, সরকার সেনা সদস্যদের দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা করাচ্ছে, আর বদনাম হচ্ছে তাদের। ইতোমধ্যে এমন শতাধিক সেনা সদস্যকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের নির্দেশ পালন করতে গিয়ে ওই সব সেনা সদস্যদের মানুষ মারার অভ্যেস হয়ে যাচ্ছে। পরে এরা অনেকেই মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে। অনেকে চাকরি থেকে বিদায় নিয়ে মানুষ হত্যার মতো ভয়ংকর সামাজিক অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সরকার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সমাজকে কোথায় নিয়ে নিয়ে যাচ্ছে! এর খেসারত তো দেশের মানুষকেই দিতে হচ্ছে।
অপারেশন ক্লিনহার্ট ও র্যাব অভিযানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস দমনের কথা বলে সরকার আওয়ামী লীগের জনপ্রিয় নেতা কর্মীদের তালিকা তৈরী করে একের পর এক হত্যা করছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ভালো সংগঠক ও নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় জড়িয়ে র্যাব দিয়ে হত্যা করে পরে তাদের সন্ত্রাসী বলে অপপ্রচার করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিধনের অংশ হিসেবে পূর্বে দায়েরকৃত রাজনৈতিক মিথ্যে মামলাগুলোকে তারা নানাভাবে ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে র্যাবকে দিয়ে গ্রেফতার করিয়ে পরে তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে। সরকারের এই ষড়যন্ত্র ও দুরভিসন্ধি এখন প্রমানিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমি আগেই বলেছিলাম, সরকার আওয়ামী লীগ ক্লিনজিংয়ের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নিজস্ব বাহিনী র্যাবকে ব্যবহার করবে। এর আগে অপারেশন ক্লিনহার্টের বেলায়ও একই অভিযোগ প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করতে তারা দলীয় ক্যাডার ছাড়াও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। এর পরিণতি হবে খুবই ভয়াবহ।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এ সরকারের হাতে কোনো মানুষই নিরাপদ নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ সর্বক্ষেত্রেই তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ অত্যাচারী ও ব্যর্থ এ সরকারের হাত থেকে মুক্তি চায়।
চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেশের মানুষকে জোট দু:শাসন থেকে মুক্তি দিতে আন্দোলন-সংগ্রাম এগিয়ে নিতে চাই। আর দেশের মানুষের স্বার্থে গড়ে ওঠা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়।
চট্টগ্রাম ও কক্সবাজারে পাঁচ দিনের সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটের রায় ছিনিয়ে নেওয়ার সরকারি চক্রান্ত বীর চট্টলাবাসী প্রতিরোধ করেছে। এ বিজয়ে আমি সামিল হয়েছি।
তিনি বলেন, ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি চট্টগ্রাম আসি। আর এ অনুষ্ঠানে এসে আমি জোট দু:শাসনে অত্যাচারিত নির্যাতিত মানুষের কথা শুনেছি।
শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও কক্সবাজারে বেশ কয়েকটি সভা-সমাবেশে যোগ দিতে গিয়ে দেখেছি মানুষ জোট সরকারের ওপর কতোটা ক্ষুব্ধ। বিশেষ করে কক্সবাজারের দ্বীপাঞ্চল মহেশখালি, রামু ও সীমান্তবর্তী উখিয়ার জনসভাগুলোয় হাজার হাজার মহিলাসহ সাধারণ খেটে খাওয়া মানুষের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করেছে। মহেশখালিতে দপুর বেলা উপরে কড়া রোদ আর নিচে তপ্ত বালুর ওপর উপেক্ষা করে লাখো জনতা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছে, আমার কথা শুনতে এসেছে, তাতে আমি অভিভূত হয়েছি।
