রাজধানীতে পুলিশি অভিযানে দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজধানীর ডেমরা এলাকা থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের একজন জাকির হোসেন পাটোয়ারি ওরফে মুন্না ওরফে মুরগি মুন্না (৩০) এবং আরেক জন জহিরুল ইসলাম (৩৫)। পুলিশ জাকিরের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে। জাকিরের নামে বুয়েটের ছাত্রী সাবিকুন নাহার সনিসহ বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে।
পুলিশ জানায়, এছাড়া জাকির ও তার সহযোগীদের রাজধানীর আজিমপুরের আকতারুজ্জামান ও নারায়ণগঞ্জের ফতুল্লার খোকন হত্যার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, চাঁদা না দেওয়ায় আজিমপুর গার্লস স্কুলের পিয়ন আইয়ুব আলীর পুত্র আক্তারুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়।
ডিবি পুলিশের একটি দল ডেমরা এলাকার ২৫/১ গোলাপবাগে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে।
এ ব্যাপারে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
