নীলফামারীতে ৩৩ হাজার কেভি বিদ্যুত সঞ্চালন লাইনের তিনটি টাওয়ার ভেঙ্গে পড়েছে, সরবরাহ বন্ধ
নীলফামারী সদরের কাজিরহাটে বৃহস্পতিবার দিবাগত রাতে ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তিনটি টাওয়ার ভেঙ্গে পড়েছে।
এতে সৈয়দপুরসহ পুরো জেলা এবং পার্শ্ব¦বর্তী পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে এসব এলাকার মানুষকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুত বিভাগের (পিডিবি) কর্মকর্তারা বলেছেন, শুক্রবার সন্ধ্যা নাগাদ টাওয়ারগুলো মেরামত করে বিদ্যুত সরবরাহ পুনরায় শুরু করা সম্ভব হতে পারে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নের কাজিরহাটে একযোগে তিনটি টাওয়ার ভেঙ্গে পড়ে। এতে এ লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এক সাথে তিনটি টাওয়ার ভেঙ্গে পড়ার কারণ কর্মকর্তারা জানাতে পারেননি। নীলফামারী পিডিবি’র আবাসিক প্রকৌশলী (আরই) বিডিনিউজকে জানান, ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিদ্যুৎ টাওয়ারগুলো মেরামতের কাজ চলছে। শুক্রবার সন্ধ্যার মধ্যেই লাইনটি আবারও সচল করা সম্ভব হবে।
