পশ্চিমবঙ্গে ভাষা শহীদদের উত্তরাধিকার নিয়ে মামলা
পশ্চিমবঙ্গে এবার ভাষা শহীদদের উত্তরাধিকারী কে তা নিয়ে মামলা শুরু হচ্ছে। ভাষা শহীদ স্মারক সমিতির দখল কাদের হাতে থাকবে তা নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলায় মূল অভিযোগ আনা হয়েছে বাংলাসাহিত্যের সুপরিচিত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।
১৯৬১ সালে ১৯ মে আসামে বাংলাভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে ১১ জন শহীদ হন। তাদের স্মরণে এবং অমর একুশে পালন ও দাবি আদায়ের লক্ষ্যে জন্ম হয় ভাষা শহীদ স্মারক সমিতির। সমিতি বেশ কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করে আসছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন বামপন্থি নেতা দিলীপ চক্রবর্তী এবং রতনবসু মজুমদারের নেতৃত্বে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের নিয়ে বইপাড়া কলেজ স্ট্রিট চত্তরে এ সংগঠন গড়ে ওঠে। পরবর্তীতে এ সংগঠনের উদ্যোগে ধর্মতলায় গড়ে ওঠে ভাষা উদ্যান ও ভাষা শহীদ বেদী।
আদালতে রতনবসু মজুমদার ও দিলীপ চক্রবর্তী সমিতির কার্যকরী সভাপতি সুনীল গঙ্গোপাধ্যায় এবং কবি চিত্রা লাহিড়ীর বিরুদ্ধে স্মারক সমিতির দখল নিয়ে রাজনীতি করার অভিযোগ এনেছেন। আদালতের নির্দেশে ভাষা উদ্যানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সুনীল গঙ্গোপাধ্যায় বিডিনিউজকে জানান, রতনবসুদের অনুরোধেই সমিতির কার্যকরী সভাপতি হই। আমার যা বলার আদালতেই বলব।
