কবরস্থানের জমি দখলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া: ১৪৪ ধারা জারি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কবরস্থানের জমি দখল করে পুকুর খননকে কেন্দ্র করে বৃহস্পতিবার স্থানীয় অধিবাসী ও স্বেচ্ছাসেবক দলের এক নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষ এড়াতে পুলিশ সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার আদিতমারি উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট ইবনে হাসান বাসুরী শতাধিক শ্রমিক নিয়ে আদিতমারী কেন্দ্রীয় কবরস্থানের খালি জায়গা দখল করে পুকুর খনন শুরু করলে স্থানীয়রা বাধা দেয়। এ খবর ছড়িয়ে পড়লে চারপাশের ধর্মপ্রাণ মানুষ কবরস্থান এলাকায় এসে ভিড় জমায়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর খননের কাজ বন্ধ করে দেয় এবং ১৪৪ ধারা জারি করে।
এ ব্যাপারে অ্যাডভোকেট হাসান জানান,উত্তরাধিকার সূত্রে তিনি কবরস্থানের ১১ শতাংশ জমির অংশীদার। এ কারণে তিনি পুকুর খননের জন্যে শ্রমিক নিয়োগ করেছেন।
কবরস্থানের সাধারণ সম্পাদক মওলানা হাবিবুর রহমান বলেন, কবরস্থানের জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকল ধর্মপ্রান মুসলমানের। দলিলভুক্ত জমি দখল করা কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না।
