সুলতানগঞ্জে সেনা সদস্যদের হামলার ঘটনায় গ্রাম জুড়ে আতংক
ফেনী জেলার সুলতানগঞ্জে সেনা সদস্যদের হামলার ঘটনায় গ্রাম জুড়ে আতংক বিরাজ করছে।
বুধবার সকালে ঘটনার পর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় সমঝোতা হলেও সেনা সদস্যরা গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ সেলিম নামে এক গ্রামবাসীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুর রব বাদি হয়ে সেলিমসহ স্থানীয় কয়েক যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় গ্রামবাসী ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই দিন পুরনো এয়ারপোর্ট ক্যাম্পে ফেরার পথে সিপাই তরিকুল এবং সার্জেন্ট মফিজুরকে বহনকারী একটি রিকশার আঘাতে গ্রামবাসী শাহ আলমের লুঙ্গি ছিড়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে গ্রামবাসী তরিকুলকে লাঞ্ছিত করে।
ক্যাম্পে ফিরে তরিকুল ঘটনাটি তার সিনিয়র ও সহকর্মীদের জানালে ৮/৯ জন সেনা সদস্য সুলতানপুর গ্রামে হামলা চালিয়ে নিরীহ গ্রামবাসীকে মারধোর করে।
এতে অন্তসত্ত্বা গৃহবধু রহিমা (২০) এবং ইউপি সদস্য রবিউলসহ প্রায় ২০ জন গ্রামবাসী আহত হয়। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
