২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিচায় লঞ্চডুবি: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে রুস্তম, ২৭ মৃতদেহ উদ্ধার, ভেসে গেছে অনেকে

মঙ্গলবার আরিচায় দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ ও যাত্রীদের মৃতদেহ উদ্ধারে জাহাজ রুস্তম যোগ দিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় রুস্তম উদ্ধার তৎপরতা শুরু করে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারি জাহাজ রুস্তম অভিযান শুরু করলেও স্রোতের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

এমভি রায়পুর নামের ওই লঞ্চ ডুবে যাওয়ার পর এ পর্যন্ত মোট ২৭টি লাশ উদ্ধার হয়েছে। এদের মধ্যে দুই জন শিশু রয়েছে।

জানা যায়, রুস্তম কাজ শুরু করার লঞ্চের ভেতরে আটকে পড়া লাশগুলো প্রবল স্রোতে ভাটির দিকে ভেসে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে ভেসে যাওয়া লাশগুলোর মধ্যে ১১টি স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলের প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে উদ্ধার করেছে। এর আগে সকালে স্থানীয় লোকজন আরও চারটি লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্রোতের টানে অনেক লাশ ভেসে গেছে। রুস্তমের অভিযান শুরুর পর জাহাজটি সামান্য ভেসে উঠলে নিচে আটকে পড়া লাশগুলো পানিতে ভেসে ওঠে। স্রোতের টানে এগুলো দ্রুতই ভেসে যেতে থাকে।

ফায়ার সার্ভিস ও উদ্ধারকারি ডুবুরি দলের সদস্যরা তাদের মধ্য থেকে আরও ৮ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে ঘটনায় উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে এ পর্যন্ত মাত্র ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে : নাটোরের লালপুর এলাকার এজাজুল কবিরাজ (৩৫), ইসরাইল (২২), বড়াইগ্রামের নাসির সর্দার (৩০), সিংড়া এলাকার জিয়ারুল (২৫) ও কুমারখালির জাহেদুল (২০), কুষ্টিয়া চিলমারীর মোহরজান (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের আরিফ (২৮), পাবনা আতাইকোনার রাজ্জাক (৩৮)।

ঘটনার পর থেকে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। মাত্র ২০/২৫ জন যাত্রী ঘটনার পর সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছিল।

কর্মকর্তারা জানান, এমভি রায়পুর নামে ওই লঞ্চটির ভেতরে অনেক লাশ আটকা পড়ে রয়েছে।

যমুনা নদীর তীরে নিখোঁজ যাত্রীদের শত শত আত্মীয়-স্বজন অপেক্ষা করছে। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় জনসাধারন ও পুলিশ জানায়, পাবনার নটাখোলা থেকে আরিচাগামী ওই লঞ্চটির ১২০ জন ধারণ ক্ষমতা হলেও এতে ২০০ যাত্রী ছিলো।

রোববার পটুয়াখালিতে লঞ্চডুবির পর এটি নৌ দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত: ৬০ জনের প্রাণহানি ঘটে।