চাঁদাবাজ র্যাব সদস্য ও অপর ৭ সহযোগী তিনদিনের পুলিশ রিমাণ্ডে
চাঁদাবাজির অভিযোগে আটক সাবেক র্যাব সদস্য এবং পল্লবী থানার এসআইসহ আটককৃত ৯ জনের মধ্যে ৮ জনকে এক দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।
র্যাব-৪ সূত্র জানায়, র্যাব এবং ডিবি’র নামে নগরীর মিরপুর এবং পল্লবী এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে র্যাব সদস্যরা তাদের আটক করে।
র্যাব-৪ জানায়, সাবেক র্যাব সদস্য সার্জেন্ট শাহজাহান ও পল্লবী থানার এসআই কামরুজ্জামান কয়েক মাস ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।
সাবেক সেনা সদস্য সার্জেন্ট শাহজাহানকে ডেপুটেশনে র্যাবে পাঠানো হয়েছিল। পরবর্তীকালে দূর্নীতির অভিযোগ তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
আটক অন্য সাতজন হল শফিকুল ইসলাম ভুট্টো, তোফাজ্জল হোসেন, সুলতান আলম বিমান, তাহের উদ্দিন টিপু, মোহাম্মদ আলম শুভ, মোহাম্মদ নবী হোসেন এবং জহিরুল ইসলাম। অসুস্থতার কারণে ভুট্টোকে রিমাণ্ডে নেয়া হচ্ছে না।
র্যাব জানায়, তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি মোটর সাইকেল এবং ভূয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাদেরকে গ্রেফতার করা হয়।
এছাড়া পল্লবী এবং মিরপুরের কয়েকজন ব্যবসায়ী তাদের বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ আনে।
সার্জেন্ট শাহজাহানকে তার গ্রামের বাড়ি রাজবাড়ির পাংশা থানার কলকলিয়া গ্রাম থেকে এবং অন্যদের নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
র্যাব জানায় আটকের পর তাদের মধ্যে দু’জন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পল্লবী থানার সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে রিমাণ্ড আবেদন করে আদালতে পঠানো হয়েছে কিন্তু তাদেরকে এখনও থানায় ফিরিয়ে আনা হয়নি।
তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন বিডিনিউজকে বলেন আমি তাদের প্রত্যেকের বিরুদ্ধে তিনদিনের রিমাণ্ড চেয়েছি।
