মঙ্গলবারের কালবৈশাখীতে আরও ১৩ জনের মৃত্যু
মঙ্গলবারের কালবৈশাখীতে আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখা ৪০ জনে দাঁড়িয়েছে।
বিডিনিউজ জেলা প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবারের ঝড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত উত্তরবঙ্গে ফসল ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি। বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
বিডিনিউজ ঝিনাইদহ প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলের ঝড়ে দুই জন মারা গেছে। এরা হচ্ছে কালিগঞ্জ উপজেলার তেলকূপ গ্রামের ঠান্ডু (৪০) ও মহেশপুর উপজেলার কাগমারি গ্রামের মান্নান ( ৩৫)। তারা দু’জনই গাছ চাপা পড়ে মারা যায়।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, ঝড়ে তিন জনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে রৌমারী উপজেলার খঞ্জনমারা গ্রামের নুর ইসলাম (৪৫), উলিপুর উপজেলার হাতিয়া বখশি গ্রামের জয়মালা (৪০), রাজিবপুর উপজেলার যুয়ানিপাড়া গ্রামের কাঞ্চু মিয়া (৫৫)।
বিডিনিউজ ময়মনসিংহ প্রতিনিধি জানান, মঙ্গলবারের ঝড়বৃষ্টিতে তিনজনের মৃত্যু হয়। বজ্রপাতে দড়িভাবখালী গ্রামের আ: বারেক (৪৫) ঘটনাস্থলে নিহত হয়। সুতিয়াখালী গ্রামের মিনা খাতুন (৩৫) ঘর চাপা পড়ে গুরুতর আহত হয় এবং হাসপাতালে ভর্তি করার পর মারা যায়। প্রবল বাতাসের তোড়ে শহরের বনানী গেস্ট হাউজের তিনতলার ছাদ থেকে নীচে পড়ে গিয়ে চা দোকানের কর্মচারি মুখলেছ (১২) মারা যায়।
বিডিনিউজ নওগাঁ প্রতিনিধি জানান, জেলার মহাদেবপুর উপজেলার সাদিপুর গ্রামের গৃহবধূ আলেয়া (৪০) ঝড়ের সময় উড়ে আসা টিনের আঘাতে আহত হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাতে মারা যায়।
নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ঝড়ের সময় বিদ্যুত ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়ায় এবং তার ছিঁড়ে যাওয়ায় টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টেলিফোন ও বিদ্যুত সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ঝড়ে ক্ষয়ক্ষতির শিকার বিভিন্ন উপজেলার সহস্রাধিক পরিবার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, মঙ্গলবারের ঝড়বৃষ্টির ঘটনায় জেলার পাংশা উপজেলার চর কুলাটিয়া গ্রামের এক মসজিদের ইমাম মারা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ইমাম জহুরুল ইসলাম (২৫) আম কুড়ানোর জন্য মসজিদের বাইরে গেলে বজ্রপাতে আহত হয়। এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
বিডিনিউজ নাটোর প্রতিনিধি জানান, ঝড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নাটোরে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৮ এ।
ইতিপূর্বে নাটোরে ১৫ জন, রাজশাহীতে ৮ জন এবং নওগাঁ, হবিগঞ্জ, চাপাইনবাবগঞ্জ, নীলফামারীতে একজন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল অপর এক বিবৃতিতে রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ে হতাহতের ঘটনায় শোক ও দু:খ প্রকাশ করেছেন।
