পৃথক ঘটনায় রাজধানীতে কয়েদীসহ নিহত ৬
রাজধানীতে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক ঘটনায় একজন কয়েদী ও তিন মহিলাসহ ৬ জন খুন হয়েছে।
কেন্দ্রীয় কারাগারের ভিতর থেকে বুধবার সকালে কয়েদী অলি মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ভোলা জেলায়। সে নগরীর শ্যামলীর বাসিন্দা। কারা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু বিভিন্ন সূত্র বলছে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
মিটফোর্ড হাসপাতাল সূত্র জানায়, তার শরীরের বিভিন্ন অংশে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত কয়েদী অলি মিয়ার ছেলে রনি (২০) বিডিনিউজকে বলেন, গত সোমবার আমরা বাবার সাথে দেখা করেছি। ওই সময় তিনি একদমই অসুস্থ ছিলেন না।
সূত্র জানায়, কারা অভ্যন্তরে কয়েদী ও কারারক্ষীদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়। কারাগারের ভেতর মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
সূত্র আরও জানায় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন কারারক্ষীকে চাকরিচ্যুত করা হয়েছে।
অপর এক ঘটনায় বুধবার বারিধারায় ভোরে দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঢাকা সিটি করপোরেশনের দুই মহিলা কর্মী নিহত হয়েছে।
নিহত দু’জন সিটি করপোরেশনের ঝাড়ুদার। তারা হলেন, ঝর্না বেগম (৩০) এবং আনোয়ারা বেগম (৪০)।
ক্যান্টনমেন্ট পুলিশ জানায়, গুলশান এয়ারপোর্ট রুটের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ওই দুই ঝাড়দারের মৃত্যু হয়।
এছাড়া নগরীর একটি হোটেল থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মতিঝিল পুলিশ জানায়, কমলাপুরের হোটেল টাওয়ারের ৪৫ নম্বর কক্ষ থেকে বরন বিবির (১৯) লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার স্বামী মনিরুল ইসলাম রুমটি ভাড়া নেয় কিন্তু ঘটনার পর মনিরুল ইসলাম পালিয়ে যায়।
এদিকে মোহাম্মদপুরের আলী নুর হাউজিং থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
অপর আরেক ঘটনায় বুধবার নগরীর সূত্রাপুরে র্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী খুন হয়েছে।
