২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বিচ্ছিন্ন ঘটনায় ৪ খুন ৩ অস্বাভাবিক মৃত্যু

গত ২৪ ঘন্টায় বরিশাল, যশোর ও ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় বুধবার পৃথক ঘটনায় চারটি খুনের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আমাদের বরিশাল প্রতিনিধি জানান, উজিরপুর উপজেলার কাজীরা গ্রামের রিপন তার স্ত্রী শিমু বেগমকে মঙ্গলবার রাতে (২১) শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

যশোর প্রতিনিধি জানান, শহরের বারান্দীপাড়ায় মঙ্গলবার মোল্লা বাবু (৩৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও মাদকসেবী।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাবু শেখহাটি এলাকার শহিদুলের কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। মঙ্গলবার রাত ১২ টার দিকে শহিদুলের নেতৃত্বে একদল যুবক বাবুকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে।

বুধবার সকালে স্থানীয় লোকজন তার লাশ বারান্দীনাথ পাড়ার খেজুর বাগানে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বাঞ্ছারামপুর ও সদর উপজেলার পৃথক দুটি ঘটনায় দু’ গৃহবধূ খুন হয়েছে। জেলার বাঞ্ছারামপুর উপজেলার ভিটিবনগড়ার চর গ্রামে যৌতুকের কারণে স্বামী ইদ্রিস মিয়া দা দিয়ে কুপিয়ে স্ত্রী শিরিনা আক্তারকে (৩৫) হত্যা করে। ঘাতকের দায়ের কোপে শিরিনার ছোট বোন সনি আক্তার আহত হয়। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা হয়েছে।

অপর ঘটনায় সদর উপজেলার চিনাইর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী সোহেল মিয়া উপুর্যুপরি পিটিয়ে স্ত্রী হোসনা বেগমকে হত্যা করে।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, কলারোয়া উপজেলার চন্দনপুর উপজেলায় মঙ্গলবার এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে একটি মানবাধিকার সংগঠন বলছে তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। নিহত গৃহবধূর নাম রোকসানা আক্তার (২০)। স্বামী আব্দুল হামিদ গাজী বলছেন, এপেনডিক্সের ব্যথা সইতে না পেরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

এয়াড়াও জেলার আশাশুনি উপজেলার বসুখালি গ্রামে পানিতে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সকাল দশটায় এ ঘটনা ঘটে। মৃতরা গ্রামের আনছার আলীর ছেলে মফিজুল (২) ও মেয়ে রাবেয়া খাতুন (৪)।

জানা যায় খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মফিজুল। তাকে বাচাতে গিয়ে রাবেয়া পানিতে ঝাপিয়ে পড়ে এবং দুজনেরই মর্মান্তিক মৃত্যু ঘটে।