২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাড. বাচ্চু হত্যার প্রতিবাদে ঢাকার আদালত প্রাঙ্গণসহ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বুধবার বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পলিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিডিনিউজ’র আদালত প্রতিনিধি জানান, ঢাকা আইনজীবী সমিতির তিনদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে আজ বুধবার সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে মৌনমিছিল বের করা হয়।

আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক অ্যাড. খোরশেদ আলমের নেতৃত্বে মিছিলটি ঢাকার জজ আদালত, মুখ্য মহানগর হাকিমের আদালত ও জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। মৌনমিছিল শেষে বিক্ষোভ সমাবেশে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও জানাযা শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলীয় নেতাকর্মী ছাড়াও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও মিছিলে অংশ নেন।

সমাবেশে বক্তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহিম, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সামছুল ইসলাম ও মরহুমের বড় ভাই আলহাজ্ব ফজলুল হক প্রমুখ।

রাজবাড়ী প্রতিনিধি জানান, অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন কালো ব্যাজ ধারণ করে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে সমাবেশে বক্তারা বাচ্চু হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে বুধবার জেলা আইনজীবী সমন্বয় পরিষদ আদালত বর্জন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরিষদের আহ্বায়ক অ্যাড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. মাসুদ-উর-রউফ, অ্যাড. মো. আসাদুজ্জামান ও অ্যাড. আনিসুর রহমান দীপু প্রমুখ। সমাবেশে বক্তারা অ্যাড. বাচ্চু হত্যার নিরপেক্ষ তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিও এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।