গোপালগঞ্জের খাল-বিলে বাঁধ দিয়ে অবাধে মাছ ধরছে প্রভাবশালী মহল
জেলার খাল-বিল ও জলাশয়ে বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। বছরের পর বছর ধরে ডিমওয়ালা মাছ ধ্বংসের কারণে মাছের দু®প্রাপ্যতা দেখা দিয়েছে।
জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ১১৪টি বিল এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সেচ দিয়ে মাছ ধরা হচ্ছে। এসব মাছ বিক্রি করে তারা কোটি কোটি টাকা লুটে নিচ্ছে।
মে মাসে বিলের পানি সম্পূর্ণ শুকিয়ে যায়। সব মাছ গিয়ে আশ্রয় নেয় বিলের ডোবা ও খালে। আর এ সময়ে ডোবা ও খাল সেচে ডিমওয়ালা মাছ ধরে বিক্রি করে দেওয়া হয়।
এতে মাছের বংশ বিস্তার মারাত্মকভাবে ব্যাহত হয়। মৎস্য বিশেজ্ঞরা আশংকা করছেন মৎস্য সম্পদের ভান্ডার হিসেবে খ্যাত গোপালগঞ্জ অচিরেই মৎস্য শুন্য হয়ে পড়বে। ডিম ওয়ালা মাছ শিকারের ক্ষেত্রে মৎস্য বিভাগের কোনও নিয়ন্ত্রণ না থাকায় জেলার মৎস্য সম্পদ উজাড় হয়ে যাচ্ছে। ডিমওয়ালা মাছ শিকারের ফলে ইতোমধ্যেই দেশীয় প্রজাতির আইড়, চিতল, মাগুর, কাইন, গজার, মেনি, পুঁটি, সরপুঁটি, কালি বাউশ, খলিশা, পাবদা, রায়েন্দা, বাতাসি, নান্দেল, বারাশিয়া, মহাশৈল, কৈ, শিং ও টাকিসহ প্রায় ৫০ প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার পিঠা বাড়ি বিল, সাতপাড় বিল, কাজুলিয়া বিল, মোল্লা কান্দি বিল, বলা কইড় বিল, কোটালি পাড়া উপজেলার লখান্ডা বিল, নৈয়ার বাড়ি বিল, বাঘারিয়া বিল, মুশুরিয়ার বিল, কলা বাড়ির বিল, পেটকাটা বিল, রামনগর বিল, পোলটানা বিলসহ ১১৪ টি বিলের ডোবা ও খালে বাঁধ দিয়ে শ্যালো মেশিনের সাহায্যে পানি সেচে প্রভাবশালীরা ডিমওয়ালা মাছ ধরে নিয়ে যাচ্ছে।
পুরনো মৎস্য সংরক্ষণ আইন দিয়ে এখন আর অবৈধ মৎস্য শিকারীদের প্রতিরোধ করা যাচ্ছে না। অপরদিকে প্রভাশালীদের কারণে প্রকৃত মৎস্য শিকারীদের পেশা এখন হুমকির সম্মুখিন।
চান্দা বিলের মৎস্য শিকারী সন্তোষ বিশ্বাস জানান, বর্ষা মৌসুমে বিলের জমি তলিয়ে যায়। কাজ থাকে না বলে বিল এলাকার মানুষ এ সময়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। কিন্তু মাছের প্রজনন ক্ষেত্র এভাবে ধ্বংস করা হলে তারা পেশা হারাবেন বলে মন্তব্য করেন। মৎস্য বিশেষজ্ঞরা জানান, জেলার বিল ও জলাশয় থেকে অন্তত ৩ মাসের জন্য ডিমওয়ালা এবং পোনা মাছ নিধন বন্ধ করা হলে বিপুল পরিমান মাছ উৎপাদিত হবে। এ সব মাছ দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত ছয় মাসের চাহিদা মেটাতে সক্ষম হবে।
