বুধবার হরতালের কারণে উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষা স্থগিত
শিক্ষা মন্ত্রণালয় বুধবার অনুষ্ঠেয় ঢাকা শিক্ষা ও মাদ্রাসা বোর্ডের আওতায় উচ্চ মাধ্যমিক ও আলিম পরীক্ষা মঙ্গলবার স্থগিত ঘোষণা করেছে।
মহানগর আওয়ামী লীগ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।
শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক মঙ্গলবার বিকেলে বিডিনিউজকে জানান, হরতাল চলাকালীন শিক্ষার্থীদের অসুবিধার কথা ভেবেই বুধবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
অন্য ছয়টি শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচী অনুযায়ী বুধবার দেশের সাতটি শিক্ষা বোর্ডে এইচএসি বাংলা দ্বিতীয় পত্র এবং একমাত্র মাদ্রাসা বোর্ডের আলিম হাদিস তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যেই সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পরবর্তীতে বোর্ড কর্তৃপক্ষ সুবিধাজনক সময়ে ওই পরীক্ষা নেবেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক খোরশেদ আলম বাচ্চুকে অজ্ঞাত বন্দুকধারীরা নগরীর তেজগাঁও এলাকায় মঙ্গলবার সকালে গুলি করে হত্যা করে।
এ হত্যাকান্ডের প্রতিবাদে মহানগর আওয়ামী লীগ বুধবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল হরতাল ডেকেছে।
