নতুন বেতন স্কেলকে স্বাগত জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ, ওয়েজ বোর্ডের দাবি
নতুন বেতন স্কেলকে ইতিবাচক হিসেব উল্লেখ করে সাংবাদিক নেতৃবৃন্দ আবারও সাংবাদিকদের জন্য পূর্ণাঙ্গ ৬ষ্ঠ ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সমিতির (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বিডিনিউজকে বলেন, নতুন বেতন স্কেল অনুমোদনের ফলে অবশ্যই সকলে খুশি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার এই ব্যয় নির্বাহ করবে কি করে?
সাংবাদিকদের জন্য ৬ষ্ঠ ওয়েজ বোর্ড গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার অনেক আগেই মন্ত্রী পরিষদে ৬ষ্ঠ ওয়েজ গঠনের অনুমোদন দিলেও অজ্ঞাত কারণে এ ব্যাপারে কিছুই হয়নি। এতে সাংবাদিক সম্প্রদায় ক্ষুব্ধ হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক সমিতির অন্য অংশের সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজী নতুন বেতন স্কেল ঘোষণার জন্য সরকারকে অভিনন্দন জানান।
সাংবাদিকদের ৬ষ্ঠ ওয়েজ বোর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে বেতন স্কেল ঘোষণার পূর্বেই সাংবাদিকরা ওয়েজ বোর্ড পেত। কিন্তু এবার সাংবাদিকরা পেছনে পড়ে রইল। এটা খুবই দুঃখের বিষয়।
বিএফইউজের প্রথমাংশের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সরকার বাজার পরিস্থিতি মূল্যায়ন করেই নতুন বেতন স্কেল ঘোষণা করেছে। এটাকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
সাংবাকিদের ওয়েজ বোর্ড সম্পর্কে তিনি বলেন, শিগগিরই ৬ষ্ঠ ওয়েজ বোর্ড ও মহার্ঘ ভাতা ঘোষণা করা সরকারের নৈতিক দায়িত্ব।
