২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের নির্যাতন থেকে জাতিকে বাঁচান: পেশাজীবীদের প্রতি শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা জোট সরকারের দুর্নীতি, সন্ত্রাস, দলীয়করণ, আইন ও সংবিধান লঙ্ঘন এবং সকল শ্রেণী পেশার মানুষের ওপর নির্যাতন থেকে জাতিকে বাঁচাতে প্রকৌশলীসহ পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সোমবার অনুষ্ঠিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইআইবি) ৪৯তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

শেখ হাসিনা মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠন ও দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, দেশের মানুষ আজ জোট সরকারের দুঃশাসনে হতাশ। ক্ষমতাসীনদের সন্ত্রাস, দুর্নীতি ও দলীয়করণের যাঁতাকলে পিষ্ট দেশের সকল শ্রেণী পেশার মানুষ। দেশে কোনও আইন নেই, আইনের শাসন নেই।এ অবস্থা থেকে সমাজকে মুক্ত করতে হবে।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও মিলেনিয়াম ডেভলপমেন্ট গোলের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সবচে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে প্রকৌশলীরা।

শেখ হাসিনা তার সরকারের আমলে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তিকে ছড়িয়ে দিতে চেয়েছিলাম কিন্তু জোট সরকার ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে দিচ্ছে। আর তার খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে।

আইইবি’র সভাপতি অধ্যাপক এম আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আনহ আখতার হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি একেএম ফয়জুল্লাহ।