আসুন সময়মতো আঞ্চলিক শীর্ষ সম্মেলনগুলো অনুষ্ঠানে সচেষ্ট হই: পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ রোববার রাতে বলেছেন, নির্ধারিত সময়ে সার্ক ও অন্যান্য আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক সমন্বয়ের পথ উন্মোচিত হবে।
পাঁচ সার্ক সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার সংসদীয় প্রতিনিধিদের উদ্দেশ্যে শওকত আজিজ বলেন, পাকিস্তান আঞ্চলিক সমন্বয়ের জন্য একটি বাস্তবভিত্তিক ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি গ্রহণে বিশ্বাসী।
তিনি বলেন, সার্ক ও অন্যান্য আঞ্চলিক সম্মেলন নির্ধারিত সময়ে অনুষ্ঠান ও সকল সদস্যের উপস্থিতির বিষয়টি আমাদের নিশ্চিত করা উচিৎ। ইতোমধ্যেই সম্পন্ন হওয়া চুক্তিগুলোর বাস্তবায়নের প্রতি অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
দক্ষিণ এশীয় সংসদের প্রায় ১৫০ জন প্রতিনিধিদের সম্মানে নিজ বাসভবনে দেওয়া নৈশভোজে বক্তৃতাকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বৃহত্তর আঞ্চলিক সমন্বয় ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য যাতে সার্ক একটি কাঠানো প্রদান করতে পারে সেজন্য তিনি সার্ককে আরও জোরদার করার কথা বলেন।
রোববার ভারত পাকিস্তান ও বাংলাদেশকে জানায়, ইতোমধ্যে দু’বার পণ্ড হওয়া ১৩তম সার্ক সম্মেলনের জন্য নির্ধারিত নভেম্বরের ১২-১৩ তারিখের ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই।
গত ফেব্রুয়ারিতে ঢাকায় সার্ক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারির ১ তারিখের পর শেষ মুহূর্তে ভারত অংশগ্রহণে অসম্মতি জানালে ওই সম্মেলন পণ্ড হয়ে যায়। নেপালের রাজা নিজের হাতে ক্ষমতা নেওয়ায় এবং বাংলাদেশে নিরাপত্তা সমস্যার অজুহাতে ভারত সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে।
