২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন দূতাবাসে নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদন প্রসেসে দায়িত্ব পেয়েছে সায়মন ওভারসীজ

বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনপত্র প্রসেস কাজে সায়মন ওভারসীজ লিমিটেড বাংলাদেশের সাথে একটি নতুন ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

এ ব্যবস্থার অধীনে নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীরা সায়মন ওভারসীজ লিমিটেডের মাধমে আবেদন করতে পারবেন এবং প্রতিষ্ঠানটি আবেদনকারীদের ভিসা সাক্ষাৎকারের তারিখ ও সময় নির্ধারণ করতে পারবে। দূতাবাস প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এতথ্য জানানো হয়।

গত ১৪ থেকে থেকে সকল নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারের সময় ও তারিখ নির্ধারণের দায়িত্ব গ্রহণ করেছে সায়মন ওভারসীজ লিমিটেড। অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের ঢাকার মতিঝিল, গুলশান অথবা ধানমন্ডি শাখা এবং চট্টগ্রামের আগ্রাবাদ শাখা ভিসা আবেদনকারীদের কাছ থেকে ১শ’ ডলার ফি গ্রহণ করবে।

তবে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বর্তমানে আর ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় ও তারিখ নির্ধারণের কাজ করছে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাক্ষাৎকারের সময় নির্ধারণের জন্য নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদেরকে এখন থেকে সায়মন ওভারসীজ লিমিটেড-এর অফিসে (ঢাকায় মতিঝিল অথবা গুলশানে এবং চট্টগ্রামে) যোগাযোগ করতে বলা হয়েছে।

আগামী ১২ই জুন থেকে সিটিব্যাংক, এন.এ. বাংলাদেশ ভিসা ফি সংগ্রহের কাজ শুরু করবে। সিটিব্যাংক-এর মতিঝিল, গুলশান এবং চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় এবং সায়মন ওভাসরীজ-এর কেবলমাত্র গুলশান শাখায় ভিসা ফি প্রদান করা যাবে।

ভিসা ফি প্রদানের পর আবেদনকারীরা সায়মন ওভারসীজ লিমিটেড-এর ঢাকাস্থ গুলশান অথবা মতিঝিল অফিসে এবং চট্টগ্রাম ও সিলেট অফিস থেকে ভিসা আবেদনপত্র পাবেন এবং তা পূরণ করে পাসপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তাদের ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে পারবেন।

এই ভিসা সেবা প্রদানের মূল্য হিসেবে সায়মন ওভারসীজ লিমিটেড প্রতি পাসপোর্টের জন্য ঢাকায় চারশ’ তিন ($ ৪০৩) টাকা এবং চট্টগ্রাম ও সিলেটে পাঁচশ’ আঠার $ ৫১৮) টাকা ধার্য্য করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যে সকল আবেদনকারী সায়মন ওভারসীজ লিমিটেড-এর মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে চান না, তারা নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য ব্যক্তিগতভাবে কেবলমাত্র প্রতি রবিবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কনস্যুলার সেকশনে এসে সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ করতে পারবেন। এতে বলা হয়, যে সকল আবেদনকারী কনস্যুলার সেকশনে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে আসবেন তাদেরকে স্মরণে রাখতে হবে যে তাদেরকে তাৎক্ষণিকভাবে সাক্ষাৎকারের যে সময় দেয়া হবে তার সংখ্যা হবে অত্যন্ত সীমিত।

নন-ইমিগ্র্যান্ট ভিসা সাক্ষাৎকারের সময়সূচী নির্ধারণ এবং তাদের ভিসার আবেদনপত্র জমা দেয়ার ক্ষেত্রে দ্রুততর সেবা পাবার জন্য ভিসা আবেদনকারীদেরকে সায়মন ওভারসীজ লিমিটেড-এর শাখা অফিসগুলোতে যাবার জন্য উৎসাহিত করা হয়েছে।