২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় আটক বাংলাদেশীদের সাথে সন্ত্রাসী ও মাদক চোরচালানিদের কোনও সম্পর্ক নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

কেনিয়ার বন্দরনগরী মোম্বাসা থেকে আটক ৬৯ জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশী নাগরিক এবং তাদের সাথে সন্ত্রাসী গোষ্ঠী অথবা মাদক চোরাচালানিদের কোনও সম্পর্ক নেই বলে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, নাইরোবির বাংলাদেশ হাই কমিশন আমাদের জানিয়েছে, মোম্বাসা থেকে আটক বেশির ভাগই বাংলাদেশী নাগরিক এবং তাদের সাথে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনও সম্পর্ক আছে বলে কেনীয় পুলিশ কোনও প্রমাণ দেখাতে পারেনি।

নাইরোবিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সাঈদ আহমেদকে উদ্ধৃত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশী নাগরিকরা পুলিশ হেফাজতে ভাল আছেন এবং তাদের খাবার দেয়া হচ্ছে।

কেনীয় পুলিশ গত শুক্রবার রাতে বন্দর নগরী মোম্বাসা থেকে ৬৯ জনকে আটক করে এবং তারা নিশ্চিত করে জানায় আটক সকলেই বাংলাদেশী নাগরিক।

ওই মুখপাত্র আরও বলেন, তারা অননুমোদিত এজেন্টদের মাধ্যমে সেখানে গিয়ে এ ঘটনার শিকার হয়েছে। সরকার ওই এজেন্ট সম্পর্কে জানার চেষ্টা করছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছে।

তিনি বলেন, মোম্বাসা বন্দররটিতে আদম পাচারকারীদের দৌরাত্ম্য রয়েছে। এখান থেকে বিভিন্ন উন্নত দেশে মানব পাচার করা হয়। আটক বাংলাদেশীদের সঙ্গে অন্য দেশের নাগরিকও রয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, কেনিয়ার বাংলাদেশ দূতাবাস কেনিয়া সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আটক বাংলাদেশীদের নামের তালিকা ও úূণার্ঙ্গ ঠিকানা পাঠানোর জন্যে কেনিয়ার বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে বলে তিনি জানান।

বন্দর নগরী মোম্বাসা রাজধানী নাইরোবি থেকে এক হাজার কিলোমিটার দূরে। আর বাংলাদেশী দূতাবাস নাইরোবিতে অবস্থিত। সে কারণে যোগাযোগ বিলম্বিত হয় বলে তিনি জানান।