২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘ গবেষণা: প্রথমবারের মত রেডিও কলার সংযোজন

সুন্দরবনে প্রথমবারের মত রেডিও কলার সংযুক্ত রয়েল বেঙ্গল টাইগারটির নাম দেয়া হয়েছে ‘জামতলার রাণী’। বাঘটি এখন কটকা, কচিখালী, জামতলা ও বাদামতলা এলাকার প্রায় ৬ বর্গ কি.মি. এলাকা জুড়ে বিচরণ করছে। বনকর্মীরা দূরনিয়ন্ত্রিত এন্টেনার মাধ্যমে বাঘিনীটিকে নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে কোনও বাঘের গলায় রেডিও কলার সংযুক্ত করার ঘটনা এটাই প্রথম। বাঘ গবেষক দলের বৃটিশ পরামর্শক বিশেষজ্ঞ এডাম সি.ডি. বার্লো গত শুক্রবার এই বাঘ গবেষণা প্রকল্প বাস্তবায়ন কমিটির মূল্যায়ন সভায় এ কথা জানান।

সুন্দরবন বিভাগের বন সংরক্ষক আলতাফ হোসেন খানের খুলনাস্থ কার্যালয়ে গত ১৩ মে দুপুরে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপনাকালে এডাম বার্লো জানান, বর্ষাজনিত কারণে সাময়িক বিরতির পর আক্টোবর মাসে প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ আবার শুরু হবে। সভা থেকে পূর্ণাঙ্গ বাঘ গবেষণার স্বার্থে পর্যায়ক্রমে সুন্দরবনের তিনটি প্রতিবেশগত অঞ্চল (ইকোলজিক্যাল জোন)-এর প্রতিটিতে অন্তত দু’টি বাঘের গলায় রেডিও কলার সংযুক্ত করার প্রস্তাব রাখা হয়।

উল্লেখ্য, পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যের জামতলা এলাকায় ডেভিড স্মিথ ও এডাম বার্লোর নেতৃত্বে বাঘ গবেষকদের ফাঁদে গত ২২ এপ্রিল বাঘিনীটি আটক হয়। এর পর তার গলায় রেডিও কলার সংযুক্ত করে পর্যবেক্ষণ কাজ শুরু হয়। বাঘের আচরণ, খাদ্যাভ্যাস, যৌন জীবন, চলাচলের এলাকা প্রভৃতি সম্পর্কে জানার জন্য দাতাদের অনুদানে ‘এ স্ট্যাডি অন বিহেভিয়ার এণ্ড ইকোলজী অব টাইগার ইন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পটি গত ২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের সুন্দরবনে এটাই প্রথম এ ধরণের বাঘ গবেষণা এবং ‘জামতলার রাণী’ এই গবেষণার প্রথম সহায়ক বাঘিণী।

‘জামতলার রাণীর’ পরিচয় দিতে গিয়ে বলা হয়, এটি আনুমানিক ১০ থেকে ১৩ বছরের একটি পূর্ণাঙ্গ বাঘিনী। তার দৈর্ঘ্য দুই দশমিক ৩৪ মিটার এবং ওজন ৭৫ কে.জি.। বাঘিনীটি তুলনামূলক খর্বাকায় এবং দুর্বল। অন্য একটি বাঘের হাতে টোপ হিসাবে পেতে রাখা গরু খেতে এসে সে ফাঁদে ধরা পড়ে।

সংযুক্ত রেডিও কলার সম্পর্কে সভায় জানানো হয়, এটি ভিডিও ক্যামেরা সংযুক্ত খুব ছোট আধুনিক একটি যন্ত্র। যন্ত্রটি সৌরশক্তি থেকে চার্জ গ্রহণে সক্ষম এবং পানি প্রতিরোধক। এর কার্যকাল আট মাস। দূরনিয়ন্ত্রিত এন্টেনার সাহায্যে বাঘের অবস্থান জানা যাবে। প্রয়োজন ফুরোলে বাঘের গলা থেকে এটি খুলে ফেলা যাবে এবং যন্ত্রের ভেতর সংযুক্ত চিপস্ কম্পিউটারে সংযুক্ত করে সংগৃহীত সব তথ্য জানা সম্ভব হবে।

অন্যান্যের মধ্যে বন সংরক্ষক (সুন্দরবন বিভাগ) আলতাফ হোসেন, বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা) সামছুর রহমান, বাঘ গবেষণা প্রকল্পের পরিচালক (পিডি) ও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শেখ মিজানুর রহমান, পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোজাহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও প্ল্যানিং) তারিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা (বণ্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা) উত্তম কুমার সাহা, খুলনার সিলভিকার ডিভিশনের ডিএফও ফয়েজ আহমেদ এবং বিভিন্ন পত্রিকার খুলনা ও বাগেরহাট প্রতিনিধি/সংবাদদাতারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আরও বলা হয়, ‘জামতলার রাণী’কে ফাঁদে আটকাতে পূর্ব সুন্দরবনের বিভিন্ন স্থানে গবেষক দলকে ৩৩২টি ‘জীবন্ত গরুরাত্রি’ বা ‘এলাইভ কাউ নাইট’ (প্রতি রাতে টোপ হিসাবে রাখা গরুর সংখ্যা গুন ব্যবহৃত রাতের সংখ্যা) ব্যবহার করতে হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে টোপ হিসাবে ব্যবহৃত ৮টি গরুকে বাঘ হত্যা করে।