২১ মে রূপসা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বহুকাঙ্খিত এবং সম্ভাবনাময় রূপসা সেতু আগামী ২১ মে শনিবার জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন খুলনাবাসীর স্বপ্নের সেতুর আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করবেন।
তবে নির্ধারিত সময়ের মধ্যে বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ায় জনসাধারণ উদ্বোধনের পরপরই সেতুটি পুরোপুরি ব্যবহার করতে পারবেন না। ১৭ কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ হতে আরও অন্তত ৬ মাস সময় লাগবে বলে জানা গেছে।
বহুপ্রত্যাশিত রূপসা সেতু নির্মাণ কাজ শুরু হয় ২০০১ সালের ৩০ মে। উদ্ভোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২১ মে সেতু উদ্ভোধন করবেন বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রধান দুই নেত্রীর একই সেতু নির্মাণ শুরু ও শেষ করার মধ্য দিয়ে সূচিত হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন ধারা।
রূপসা সেতু পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ মেলবন্ধন হিসেবে কাজ করবে। প্রাণোচ্ছল হয়ে উঠবে মৃতপ্রায় মংলা বন্দর, মংলা ইপিজেড, শিল্পনগরী খুলনা এবং ভোমরা ও বেনাপোল স্থলবন্দর। মংলার সাথে প্রতিবেশী ভারত ও নেপালের সরাসরি সড়ক যোগাযোগ নেটওয়াকর্ও গড়ে উঠবে। পাল্টে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শান্তিরঞ্জন বণিক বিডিনিউজকে জানান, রূপসা সেতুর নাম দেওয়া হয়েছে খান জাহান আলী (রাঃ) সেতু। এ সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৩শ ৬০ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৭শ ২৪ দশমিক ১৫ কোটি টাকা, যার মধ্যে জাপান সরকার ঋণ হিসাবে ৩শ ৭৩ দশমিক ৮৭ কোটি এবং অনুদান হিসেবে আরও ৮৪ দশমিক ৭৮ কোটি টাকা দিয়েছে। বাকি ২শ ৬৫ দশমিক ৫০ কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ সরকার।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিমিজু ও আইটিডি যৌথভাবে সেতুর নির্মাণ কাজ করছে। অভিযোগ রয়েছে, মুল ঠিকাদারের সাথে সহযোগী ঠিকাদারদের সমন্বয়হীনতার কারণে রূপসা সেতু নির্মাণ কাজ শেষ হলেও বাইপাস সড়ক নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেয় হয়নি।
