২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের ৯ থানায় চলছে অলিখিত ‘ক্যাশিয়ার’ প্রথা

যশোরের নয়টি থানাতেই অলিখিত ‘ক্যাশিয়ার’ প্রথা চালু রয়েছে। ক্যাশিয়ার নামধারী পুলিশ কনস্টেবলরা চোরাচালান ও মাদক ব্যবসাসহ নানা সমাজবিরোধী কার্যকলাপের সাথে জড়িতদের কাছ থেকে অর্থ আদায় করে থাকে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টারের সিকিউরিটি সেল থেকে তদন্তের উদ্দেশ্যে যশোর এসেছিলেন এএসপি মতিউর রহমান। তিনিই এ কথা জানিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট পেশ করবেন।

জানা যায়, জেলার নয়টি থানায় ক্যাশিয়ার নামধারী পুলিশ সদস্যদের চোরাচালানীসহ সমাজবিরোধীদের সহযোগিতা করার এবং সীমান্ত অঞ্চলে বিডিআরের অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ সম্বলিত রিপোর্ট ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে এএসপি মতিউর রহমান ১৫ মে তদন্ত কার্য শেষ করে উল্লেখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, নয়টি থানাতেই ক্যাশিয়ার প্রথা চালু রয়েছে। সীমান্ত অঞ্চলে বিডিআরের ভূমিকাও ইতিবাচক নয়।

তিনি আরও বলেন, এ অঞ্চলের পাঁচ থেকে ছয়জন পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলের বিরুদ্ধে মন্ত্রনালয়ে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।