অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মঙ্গলবার ভিয়েতনাম যাচ্ছেন
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফ্যান ভ্যান খাইয়ের আমন্ত্রণে এক সরকারি সফরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভিয়েতনাম যাচ্ছেন। দু’দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বানিজ্য না থাকায় ঢাকা ও হ্যানয়ের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতেই প্রধানমন্ত্রীর এ সফর।
বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটাই প্রথম ভিয়েতনাম সফর।
পারস্পরিক বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করতে উভয় দেশ ইতোমধ্যেই দুদেশে পারস্পরিক বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি চূড়ান্ত করেছে। দু’দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হবে।
এসময় ওষুধ, গার্মেন্টস পণ্য, পাট, চামড়া, সিমেন্ট, কৃষি যন্ত্রপাতি ও কাঠের আসবাবপত্র ইত্যাদি ক্ষেত্রে বানিজ্য বৃদ্ধির জন্য দ’ুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার নেতৃত্বে মোট ৩৪ জন সরকারি কর্মকর্তা ভিয়েতনাম সফরে যাবেন। এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন ১৩ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। তবে প্রধানমন্ত্রীর এ সফরে পূর্ণ মর্যাদার কোনো মন্ত্রী থাকছেন না।
হ্যানয় নই বাই বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন ভিয়েতনাম সরকারের উপ প্রধান কর্মকর্তা ও উপ পররাষ্ট্রমন্ত্রী।
রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন বলেন, দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বিষয়াবলী এবং দুদেশের মধ্যে টেকসই সহযোগিতা প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদেশে বাংলাদেশী রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক অভ্যর্থণা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রবাসী বাংলাদেশীরাও ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
দুদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশী ও ভিয়েতনামের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বার্ষিক বানিজ্য প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার। ২০০৩-২০০৪ সালে বাংলাদেশ ভিয়েতনামে ১৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার মূল্যের পন্য রপ্তানি করে। অন্যদিকে আমদানি করে ২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।
হেমায়েতউদ্দিন আরও বলেন, ভিয়েতনাম ইতোমধ্যেই এআরএফ সদস্যপদ লাভের ব্যাপারে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। দু’নেতা উভয় দেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করে দেখবেন।
পরে প্রধামন্ত্রী ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান ডুক লুওং এর সাথে সাক্ষাৎ করবেন। ১৯ মে তিনি ঢাকার উদ্দেশ্যে ভিয়েতনাম ত্যাগ করবেন।
