২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ারে দুদ মিয়া নিহত হওয়ার ঘটনায় হাইকোর্টের রুল জারি

র‌্যাবের ক্রসফায়ারে মেঘনা থানা আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী মফিজুল ইসলাম ওরফে দুদ মিয়া নিহত হওয়ার ঘটনা কেনো অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে হাইকোর্ট রোববার সরকারের প্রতি একটি রুল জারি করেছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

দুদ মিয়ার স্ত্রী কাওসারী ইসলামের দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে বাদীকে কেনো পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার এবং এফআইআর নথিভূক্ত করার নির্দেশ দেওয়া হবে না সে ব্যাপারে সরকারকে কারণ দর্শাতে বলেছেন আদালত।

এছাড়া আদালত বাদীকে গ্রেফতার বা হয়রানি না করার নিদের্শ দিয়েছেন।

পিটিশনে কাওসারী ইসলাম উল্লেখ করেন, গত ৩ মে ঢাকা জজ কোর্ট প্রাঙ্গন থেকে বেরিয়ে আসার সময় র‌্যাব-২ এর সদস্যরা তার স্বামী মফিজুল ইসলাম ওরফে দুদ মিয়াকে জোরপূর্বক তুলে নেয়।

কাওসারী ইসলাম কোতয়ালী থানায় গিয়ে পুলিশের কাছে একটি এফআইআর দায়ের করেন। কিন্তু পুলিশ ওই এফআইআরটি নথিভূক্ত করতে অস্বীকৃতি জানায়।

পরে তিনি জানাতে পারেন যে তার স্বামী পোস্তাগোলা ব্রিজের কাছে ক্রসফায়ারে নিহত হয়েছেন।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান।