অরোরার স্মৃতি রক্ষায় মুক্তিযোদ্ধাদেরকেই এগিয়ে আসতে হবে: স্মরণ সভায় বক্তারা
মুক্তিযুদ্ধকালে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক সদ্য প্রয়াত জেনারেল জগজিৎ সিং অরোরার স্মরণ সভায় বক্তারা রোববার তাঁর স্মৃতি সংরক্ষণে সরকারের মুখাপেক্ষী না থেকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি জনসাধারণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত স্মরণ সভায় বক্তারা জেনারেল অরোরাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে অভিহিত করেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধকালে ভারতীয় সরকার, জনগণ ও জেনারেল অরোরার অবদান বাংলাদেশ চিরদিন মনে রাখবে। তাঁর স্মৃতি সংরক্ষণ করার জন্য সরকারের মুখাপেক্ষী না থেকে জনসাধারণকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদেরকেই এগিয়ে আসতে হবে।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, ভারতের ডেপুটি হাই কমিশনার সর্বজিৎ চক্রবর্তী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়াকার্স পাটির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, পঙ্কজ ভট্টাচার্য, জাসদ নেতা আসম আব্দুর রব, জাতীয় পার্টির শেখ শহীদুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত অলিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।
