২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক বালু হত্যা মামলা আদালতে গ্রহণ, পলাতক আসমীদের গ্রেফতারের নির্দেশ

দৈনিক জন্মভূমি সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হুমায়ূন কবির বালু হত্যা মামলা বিচারের জন্য আদালতে গ্রহণ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে রোববার শুনানি শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া মামলার পলাতক আসামীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ ২৬ এপ্রিল মামলাটির চার্জশিট দাখিল করেন। এতে আট জনের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তরা হলো পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) প্রধান আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপন, রিপন আহমেদ ওরফে শোয়েব, সুমন, ইকবাল হোসেন ওরফে স্বাধীন, নজু ওরফে খোড়া নজু, মাসুম ওরফে জাহাঙ্গীর, রিমন, জাহিদুর রহমান ওরফে জাহিদ।

২০০৪ সালের ২৭ জুন নগরীর ইসলামপুর রোডের দৈনিক জন্মভূমি অফিসের সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক হুমায়ূন কবির বালু নিহত হন।

এঘটনায় পুলিশ বাদী হয়ে দু’টি মামলা দায়ের করে। পরে মামলা দু’টি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ডিবির পরিদর্শক শেখ মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আব্দুল হামিদ পর্যায়ক্রমে মামলার তদন্ত করেন। তদন্তকালে গোয়েন্দা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে ১৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। কার্যবিধির ১৬১ ধারায় ১৮ জন এবং ১৬৪ ধারায় তিন জন সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করা হয়।