নেপালে ৪৫০ স্কুল ছাত্র-ছাত্রী অপহরণ
পশ্চিম নেপালে গত তিনদিনে প্রায় ৪৫০ জন স্কুল ছাত্র-ছাত্রীকে মাওবাদী বিদ্রোহীরা অপহরণ করেছে।
সেনাবাহিনীর সদস্যরা জানায়, ওইসব ছাত্র-ছাত্রীদের পাল্প, টানাহুন এবং বাগলুঙ এলাকা থেকে অপহরণ করা হয়েছে।
মাওবাদীরা এসব স্কুল শিক্ষার্থীদের বিভিন্ন বিচ্ছিন্ন এলাকা থেকে অপহরণ করে এবং তাদের মতাদর্শে দীক্ষা দিয়ে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করে থাকে। কিছুদিন পরেই এসব শিক্ষার্থীদের অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়।
রোববার প্রশাসনিক কর্মকর্তারা জানায়, কয়েকটি কাজে বিদেশী দাতাদের সাহায্য না নেওয়ার জন্য তারা স্থানীয় সাহায্যকর্মীদেরও মারধর করে।
বিশ্ব খাদ্য সংস্থা, জার্মান টেকনিক্যাল কো- অপারেশন (জিটিজেড), ডাচ এইড সংস্থা এসএনভি এবং ব্রিটিশ দাতা সংস্থা ডিএফআইডি এক বিবৃতিতে জানায় তাদের কিছু কর্মী ওই হামলার শিকার হয়েছে।
দাতারা বিবৃতিতে এ ঘটনার জন্য আন্তরিকভাবে দু:খ প্রকাশ করে বলেন, আমরা আমাদের কর্মীকে ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারিনা।
বিবৃতিতে বলা হয়, এটা এখন পরিষ্কার যে নেপালে নিয়োজিত দাতাদেরকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে বলে দাতাগোষ্ঠীর ধারণা।
আশঙ্কা করা হচ্ছে, নেপালে বিভিন্ন প্রকল্পে কর্মরত প্রায় ৬ হাজার গ্রামবাসী এই হামলার শিকার হতে পারে। নেপাল বিশ্বের ১০ টি গরীব দেশের একটি, যাদের বার্ষিক বাজেটের প্রায় ৪০০ মিলিয়ন ডলার বা ৩০ শতাংশ আসে আন্তর্জাতিক সাহায্য থেকে।
এই বিদ্রোহীদের সম্বন্ধে সরকারের কাছ থেকে তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিদ্রোহীরা মূলত বিচ্ছিন্ন এলাকায় তাদের অপারেশন চালায়।
অতীতে এসব বিদ্রোহীরা সাহায্যকারী সংস্থার কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো এবং গ্রামগুলোতে তাদের প্রকল্পের কাজে নিয়োজিত কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য চাপ দিতো।
১ ফেব্রুয়ারী রাজা জ্ঞানেন্দ্রর ক্ষমতা অপসারণের পরও সহিংসতা চলতে থাকে। ১৯৯৬ সাল থেকে মাওবাদীরা হিন্দু রাজ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে।
