কেনিয়া আটক: জাতীয়তা নিয়ে বাংলাদেশ সন্দিহান
কেনিয়ায় আটক ৬৯ জন বিদেশী বাংলাদেশের নাগরিক কি না এ ব্যাপারে সরকার এখনো নিশ্চিত হতে পারছে না।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সেখানে বাংলাদেশ হাই কমিশনারের সাথে যোগাযোগ করে আটককৃতদের ব্যাপারে জানার চেষ্টা করছি। আটক ৬৯ জন যে বাংলাদেশের নাগরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, দু একদিনের মধ্যে নামগুলো জানা সম্ভব হবে।
কেনিয়া পুলিশ শুক্রবার রাতে মোম্বাসা থেকে ওই ৬৯ জনকে আটক করে। তারা বলছে, আটক ৬৯ জনের সকলেই বাংলাদেশের নাগরিক।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান শনিবার বলেন, আটক ব্যক্তিরা কাজের সন্ধানে সেখানে যেতে পারে। এই ঘটনার সাথে আদম ব্যবসায়ীরা জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
মোর্শেদ খান আরও বলেন, এ ধরনের ঘটনা অহরহই ঘটে থাকে। নিরীহ ব্যক্তিরা প্রায়ই অননুমোদিত ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে। আমরা এই ধরনের ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সংবাদ সম্মেলনে হেমায়েত উদ্দিন বলেন, আমরা চাই না আমাদের নাগরিকরা প্রতারিত হোক। কোনও সরকারই এটা চায় না। তিনি বলেন, আমরা চাই আমাদের নাগরিকরা সঠিক পন্থায় বিদেশ যাক।
