কালবৈশাখীতে ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১, আহত অর্ধশতাধিক
কালবৈশাখীর ছোবলে রোববার ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় একজন নিহত এবং আরও অর্ধশতাধিক আহত হয়েছে। এছাড়াও পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সদর উপজেলাসহ আশেপাশের এলাকায় ভোরে প্রবল বেগে কালবৈশাখী আঘাত হানে। প্রচণ্ড বাতাসের সাথে শিলাবৃষ্টির কারণে মুহুর্তের মধ্যে ঘরবাড়ি,গাছপালা, বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময়ে শহরের মেড্ডা বাসষ্ট্যাণ্ডে একটি চায়ের দোকানের ওপর গাছ ভেঙ্গে পড়লে চরকা কুঠির শিল্পের দারোয়ান ভবতোষের মৃত্যু হয়। এ সময়ে ভবতোষের সঙ্গে থাকা রাজন (২৭) গুরুতর আহত হয়। আহত রাজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আমীনপুর, ছয়বাড়িয়া, চণ্ডালখিলসহ আশেপাশের এলাকাগুলোতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
পৌরসভা চেয়ারম্যান হাফিজুর রহমান মোল্লা কচি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরী ভিত্তিতে সাহায্য প্রেরণের জন্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে।
